দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: করোনা আবহে বন্ধ হয়ে গিয়েছিল সব রকমের খেলাধুলো। বেশ কয়েক মাস তা বন্ধ থাকার পরে ফের ধীরে ধীরে শুরু হয়েছে খেলাধুলো। কিন্তু তাতে অনেক নিয়ম। আন্তর্জাতিক ক্ষেত্রে সেই নিয়ম মানা সম্ভব হলেও দৈনিক জীবনে তা মানা সম্ভব নয়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সেই নিয়ম মানা খুব কঠিন। আর তার ফলেই বাচ্চাদের বাড়ির বাইরে খুব একটা বের হতে দিচ্ছেন না বাবা-মায়েরা। বের হলেও খেলাধুলো প্রায় বন্ধ। পড়াশোনাও চলছে অনলাইনেই। এই অবস্থায় বাচ্চাদের ফের খেলার মাঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে।
বাচ্চাদের ফের খেলাধুলোর মধ্যে ফিরিয়ে আনার জন্য ও নতুন প্রতিভা তুলে আনার জন্য একটি আবাসিক ফুটবল প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে। শালবনি ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশন ও এমপ্লয়িজ স্পোর্টস ক্লাব অফ বেঙ্গলের উদ্যোগে এই অনূর্ধ্ব ১৪ আবাসিক শিবির শুরু হচ্ছে। আগামী ২৯ নভেম্বর থেকে শালবনি ব্লকের কইমা স্টেডিয়ামে শুরু হবে এই প্রশিক্ষণ শিবির। চলবে ২১ দিন।
উদ্যোক্তাদের মধ্যে থেকে সন্দীপ সিংহ জানিয়েছেন, বাচ্চাদের খেলাধুলোর মধ্যে ফিরিয়ে আনা ও জঙ্গলমহল থেকে নতুন প্রতিভা তুলে আনার জন্যই এই আবাসিক শিবির শুরু করা হচ্ছে। জঙ্গলমহলে ফুটবলের প্রতিভা অনেক। শুধু তাদের সঠিক পথ দেখানো দরকার। আশা করা হচ্ছে এখান থেকেই আগামী দিনের প্রতিভা উঠে আসবে।
এই প্রশিক্ষণ শিবিরের অংশ হওয়ার জন্যই ট্রায়াল হল শালবনির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে। প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার জন্য ট্রায়ালে শালবনি ব্লক ও তার আশেপাশের প্রায় ৭০ জন খুদে ফুটবলার গিয়েছিল। সেখান থেকে প্রশিক্ষকরা ২০ জন খুদে ফুটবলারকে বেছে নিয়েছেন। আবাসিক শিবিরে রাজ্যের বিশিষ্ট ফুটবল কোচদের তত্ত্বাবধানে ফুটবলের প্রশিক্ষণ নেবে তারা।