দ্য ওয়াল ব্যুরো: গতকাল, মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ৩১ জুলাই পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা বন্ধ রাখার কথা ঘোষণা করেছিলেন। তখনও তিনি বলেছিলেন, জুলাইয়ের ২,৬ ও ৮ তারিখে উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা হবে।
কিন্তু আজ বুধবার সর্বদলীয় বৈঠকের পর তা নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা ওই তিন দিনে হবে কিনা সে ব্যাপারে দফতরের সঙ্গে আলোচনা করে পার্থ চট্টোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। এদিন সর্বদলীয় বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
মমতা এদিন বলেন, "সিবিএসসি-র পরীক্ষার বিষয়টি আদালতে ঝুলে রয়েছে। সেটা দেখে নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।" এদিনের সর্বদল বৈঠকে আলোচনার ভিত্তিতেই রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
সিবিএসই নিয়ে সুপ্রিম কোর্টে জট পেকে রয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঘোষণা করেছিল, লকডাউনের জন্য যে পরীক্ষাগুলি হয়নি সেগুলি ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে নেওয়া হবে। কিন্তু বোর্ডের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে যান এক অভিভাবক। সেই মামলার শুনানি ছিল গতকাল। তিন বিচারপতির বেঞ্চ জানায়, একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে দেওয়া হচ্ছে। তাঁরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কয়েকদিনের মধ্যেই তা নেওয়া হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। এদিন রাজ্যের তরফেও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২৫ জুন অর্থাৎ বৃহস্পতিবার ওই মামলার শুনানি রয়েছে।
এর আগে একাদশ শ্রেণির বাকি পরীক্ষা বাতিল করে দিয়েছে রাজ্য সরকার। সামনের বছর নতুন ক্লাসে ওঠার ক্ষেত্রে প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্ষেত্রেও সবাইকে পাশ করানো হবে বলে জানিয়েছিল নবান্ন। জট ছিল উচ্চমাধ্যমিক নিয়েই। তবে তা খুলেও গিয়েছিল। কিন্তু এদিন ফের অনিশ্চয়তা তৈরি হল। অনেক অভিভাবক বলছেন, এতে ছাত্রছাত্রীদের উপর মানসিক চাপ তৈরি হচ্ছে। সরকার স্পষ্ট করে বলুক পরীক্ষা হবে কি হবে না।