দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ঘর বহু দূরে। লকডাউনের জেরে ফেরা হয়নি সেখানে। এ রাজ্যে এক হিন্দুর আতিথ্যেই পবিত্র ঈদ পালন করলেন কাশ্মীরের দুই পোশাক ব্যবসায়ী।
প্রতিবছর শীত আসার আগেই শাল সোয়েটার সহ গরম পোশাকের পসরা নিয়ে এ রাজ্যে চলে আসেন কাশ্মীরের বহু মানুষ। ফেব্রুয়ারি- মার্চ মাসের পর বিক্রিবাটা সেরে ফিরে যান ভূস্বর্গে।
এবার লকডাউন শুরু হয়ে যাওয়ায় ঘরে ফিরতে পারেননি। বর্ধমান শহরের নবাব দোস্ত কায়েম লেনে যে হিন্দু বাড়িতে ভাড়া থাকেন ফাইয়াজ আহমেদরা, সেখানেই ইদের নমাজ পড়লেন এদিন।
সিমুই, লাচ্চা, শিশুদের খুশি সবই আছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা মেনে ঈদের বড় জমায়েত হয়নি। শহরের টাউন হল, বড়বাজার কোথাও এবার জমায়েত হয়নি। বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষ প্রার্থনা সেরেছেন নিজেদের বাড়িতে। বর্তমান সঙ্কটজনক পরিস্থিতিতে এটাই উচিত বলে তারা মনে করছেন।
ইদের সকালে ভাতছালার নবাব দোস্ত কায়েম লেনের দুই কাশ্মিরী যুবক নামাজ পড়লেন ঘরে বসেই। গৃহকর্তা পল্লব দাস ও তাঁর পরিবার প্রথম রমজানে ইফতার করিয়েছিলেন ফাইয়াজদের। আজও তাদের পাশে রয়েছেন পল্লব ও তাঁর মা।
পল্লব বলেন, উৎসবের দিনে পরিবারের মানুষকে সবাই পাশে পেতে চান। না হলে আনন্দ অসম্পূর্ণ থাকে। এবার ঘরে ফিরে যেতে পারেননি ওঁরা। আমরা সাধ্যমতো ওদের পাশে থাকার চেষ্টা করছি।
নামাজের পর দুই কাশ্মিরী যুবকও দিলেন সম্প্রীতির বার্তা। বললেন, বাড়ি থেকে দূরে আছি। তাই ইদের দিন কষ্ট হচ্ছে। কিন্তু এই পরিবারের কাছে যে সহমর্মিতা পেলাম, যতদিন বেঁচে থাকব, মনে থাকবে। এটা ইদের বড় পাওনা।