দ্য ওয়াল ব্যুরো: করোনার আশঙ্কা শুরু হতে না হতেই পর্যটক ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছিল দার্জিলিংয়ে। তার পরেও করোনার সংক্রমণ এড়াতে পারল না এই শৈলশহর। দার্জিলিং পুর এলাকায় দু'জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। রবিবার রাতে জেলায় নতুন করে আট জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দার্জিলিংয়ে ২ জন, সুখারিয়ায় ২ জন, বিজনবাড়িতে ১ জন ও নকশালবাড়িতে ৩ জন রয়েছেন।
এক দিনে এত জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় পাহাড় থেকে সমতল – সর্বত্রই শঙ্কিত মানুষজন। শিলিগুড়িতে যে দু' জন আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক জন চিকিত্সকও আছেন। এই নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত অন্তত ছ’জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।
শুধু দার্জিলিং শহর নয়, এপর্যন্ত কালিম্পংয়েও সাত জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। জেলার সমতল এলাকা শিলিগুড়ি ও নকশালবাড়ি থেকেও আক্রান্তের খবর এসেছে। শিলিগুড়িতে এ পর্যন্ত দু'জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে। নকশালবাড়িতে তিনজন আক্রান্ত বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুনমবলম। অর্থাৎ সব মিলিয়ে দার্জিলিং শহরে এ পর্যন্ত মোট ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে শুধুমাত্র অতি সংকটাপন্ন রোগীদের চিকিৎসা করা হবে বলে ঠিক হয়েছে। যদিও আউটডোর পরিষেবা আগের মতোই চালু থাকবে। একই সঙ্গে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করে পরিস্থিতি স্বাভাবিক করার ভাবনা-চিন্তাও চলছে প্রশাসনে।