দ্য ওয়াল ব্যুরো: এক মাসে পূর্ব বর্ধমান জেলায় দু’জন লটারি জিতে কোটিপতি হয়েছেন। এই খবর মুখে মুখে চাউর হতেই গোটা জেলা জুড়ে লটারি ব্যবসায় রমরমা শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিনের হিসেব বলছে, টিকিট বিক্রি প্রায় ২৫ শতাংশ বেড়েছে। বিক্রেতারা বলছেন, একমাসে দু’জনের কোটিপতি হওয়ার ঘটনা সাধারণ মানুষকে উৎসাহিত করেছে।
ডিসেম্বরের মাঝামাঝি পূর্বস্থলীর কাষ্ঠশালি গ্রামের বাসিন্দা সুদেব দাস জানতে পারে লটারিতে এক কোটি টাকা পুরষ্কার জিতেছে সে। প্রাথমিকভাবে বিহ্বল হয়ে পড়েছিল নুন আনতে পান্তা ফুরোনো পরিবারের এই ক্লাস নাইনের পড়ুয়া। কীভাবে যেন সঙ্গে সঙ্গেই আশেপাশে ছড়িয়ে যায় সেই খবর। তারপরেই ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে যায় সুদেব। যদি কেউ ছিনতাই করে নেয় সৌভাগ্যের টিকিট! কোনওমতে বাবা সহদেব দাসকে নিয়ে পৌঁছোয় পূর্বস্থলী থানায়। থানাতে বসেই কেটে যায় একটা দিন। পরেরদিন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টিকিট জমা করে হাঁফ ছাড়ে দু’জন।
এরপর ডিসেম্বরের শেষে পূর্ব -সাতগেছিয়া পঞ্চায়েত এলাকার সাহাপাড়া গ্রামের ইন্দ্রনারায়ণ সেন। তিনি অবসরপ্রাপ্ত কর্মচারী। এটিও পূর্বস্থলীতেই।
পূর্ব বর্ধমান জেলায় লটারির দোকানের পাশাপাশি ঘুরে ঘুরে টিকিট বিক্রি করেন বহু মানুষ। সবারই টিকিট বিক্রি বেড়েছে বলে খবর। একজন ছাত্র ও আর একজন অবসরপ্রাপ্ত কর্মী পুরস্কার পাওয়ায় বেড়েছে ভরসা। ক্রেতারা বলছেন, প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা করছে। পদ্ধতি এখন অনেক স্বচ্ছ। ছোটখাটো পুরস্কার অনেকেই পান বর্ধমান শহরে। গত কয়েক মাসে এক থেকে দশ লক্ষ টাকা জিতেছেন অনেকেই। কিন্তু জোড়া কোটী টাকা যেন অন্য জোয়ার এনেছে এই জেলার লটারি ব্যবসায়।