দ্য ওয়াল ব্যুরো: বনগাঁয় বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক লড়াই প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারের ঘটনার জেরে শনিবারও মিছিল বার করল তৃণমূল কংগ্রেস।
তাদের কর্মীকে বাঁশ-রড দিয়ে মারার প্রতিবাদে বৃহস্পতিবার বনগাঁয় থানার বাইরে প্রায় পৌনে তিন ঘণ্টা বিক্ষোভ দেখায় বিজেপি। তারা অভিযোগ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একাজ করেছে। সেই ঘটনায় দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ওই একই দিনে বিজেপির বিরুদ্ধে বনগাঁ হাসপাতালের এক কর্মীকে মারধরের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। শনিবার তারা মিছিল করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছে। টাউন হল থেকে তৃণমূলের মিছিল শুরু হয়। বনগাঁর বহু তৃণমূল কংগ্রেস কর্মী মিছিলে পা মেলান।
বৃহস্পতিবারের ঘটনার জেরে শুক্রবার বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। স্থানীয় বাটার মোড়ে বিজেপির অবরোধের সময় তৃণমূলও পাল্টা প্রতিবাদ মিছিল করে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি শুক্রবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন জায়গায় মিছিল করে। বনগাঁ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর আঢ্য বলেন, “বনগাঁয় বিজেপি অবরোধ করে জনজীবন বিপর্যস্ত করছে। হাসপাতালের অস্থায়ী কর্মীকে যে বিজেপি কর্মীরা মারল তাদের কাউকে গ্রেফতার করা হয়নি।… পুলিশের কাছে আবেদন, এই অরাজকতার বিরুদ্ধে ব্যবস্থা নিন।”
বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, “বনগাঁ মহকুমা হাসপাতালে কর্মী নিগ্রহের ঘটনায় বিজেপির কেউ যুক্ত নয়। হাসপাতালের অব্যবস্থা নিয়ে প্রতিবাদ করায় রোগীর আত্মীয়দের সঙ্গে মারামারি হয়েছে বলে শুনেছি।”