দ্য ওয়াল ব্যুরো: নারদ কাণ্ডে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয় তাঁকে। তার ভিত্তিতেই শনিবার নিজাম প্যালেসে হাজির হন প্রসূনবাবু। সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবীও। সূত্রের খবর, স্টিং অপারেশনের ভিডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখার জন্য, প্রসূনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে তাঁকে ডেকে পাঠান হয়েছে।
নারদ কাণ্ডে মোট ১২ জনের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। স্টিং অপারেশনের ভিডিয়োতে দেখা গিয়েছিল প্রসূন বন্দ্যোপাধ্যায়কেও। সূত্রের খবর, ফুটেজে যাঁদের দেখা গিয়েছিল, তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফিরহাদ হাকিম এবং মুকুল রায় এসে কণ্ঠস্বরের নমুনা দিয়েও গিয়েছেন। এ বার পালা প্রসূনের। এই নিয়ে দ্বিতীয়বার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই।
তবে কেবল প্রসূন নন, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকেও ডেকে পাঠিয়েছে সিবিআই। যদিও শনিবার এঁদের কেউই হাজিরা দিতে আসেননি। সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন সোমবার হাজিরা দিতে আসবেন শোভনবাবু। তবে মদন মিত্র কবে আসবেন সে ব্যাপারে অবশ্য এখনও তিনি সিবিআই-কে কিছু জানাননি বলেই খবর।