দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, সবার আগে টিকা পাবেন স্বাস্থ্য কর্মীরা। কারণ, জীবনের ঝুঁকি নিয়ে তাঁরাই সবার আগে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছে। তাঁদের আত্মত্যাগের জন্য কুর্ণিশ জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশ। প্রধানমন্ত্রী এও বলেছিলেন, টিকা নিতে সাংসদ-বিধায়করা যেন সবার আগে হুড়োহুড়ি না করেন।
কিন্তু কে কার কথা শোনে!
আলিপুরদুয়ারে টিকা দেওয়ার যে তালিকা তৈরি হয়েছে, তাতে সবার আগে তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীর নাম। যে ঘটনা নিয়ে হই হই পড়ে গিয়েছে উত্তরবঙ্গজুড়ে। প্রশাসনের যে কর্তারা এর নেপথ্যে রয়েছেন তাঁদের দায়িত্বজ্ঞানও বেআব্রু হয়ে পড়েছে এ ঘটনায়।
আলিপুরদুয়ারে করোনা টিকা প্রাপকদের যে নামের তালিকা তৈরি হয়েছে, সেখানে এক নম্বরেই রয়েছে তৃণমূলের বিধায়ক সৌরভ চক্রবর্তীর নাম। এই নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। যদিও এ ব্যাপারে সৌরভ চক্রবর্তীর বক্তব্য, ‘‘আমি আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। কোভিড পরিস্থিতিতে সামনের সারিতে থেকে মানুষের পাশে রয়েছি। তাই স্বাস্থ্য বিভাগ আমার নাম প্রথমে রেখেছে।এই সন্মান পেয়ে আমি কৃতজ্ঞ।তবে আগে জনগণ। তাই এই টিকা সাধারণ মানুষ যখন পাবেন তখন আমি নেব।’’
বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, ‘‘শনিবার সারাদেশে সামনের সারির করোনা যোদ্ধাদের টিকাকরণের কাজ শুরু হচ্ছে। আলিপুরদুয়ার জেলার চিকিৎসকরাও কাল টিকা পাবেন। সেই তালিকায় প্রথম নাম তৃণমূল নেতা তথা বিধায়ক সৌরভ চক্রবর্তীর! কেন? তিনি কি চিকিৎসক? কীভাবে শুধুমাত্র একজন জন জনপ্রতিনিধিকে এই তালিকার এক নম্বরে রাখা হল? নিয়ম কি সবার জন্য এক নয়? জেলা স্বাস্থ্য দফতরকে এর ব্যাখ্যা দিতে হবে।
এ ব্যাপারে আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, ‘‘আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে সন্মান জানাতে তাঁর নাম প্রথমে রাখা হয়েছে। কিন্তু তিনি আমাদের জানিয়েছেন এ মুহূর্তে টিকা নেবেন না। এটা নিয়ে বিতর্কের অবকাশ নেই।’’
শনিবার জেলায় জেলায় শুরু হচ্ছে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ। প্রথমে এই টিকা দেওয়া হবে প্রথম সারির স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ার ওয়ার্কারদের। এদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৮ দিন পর। এদের সবার দ্বিতীয়বারের ডোজ দেওয়া শেষ হলে তারপরের ধাপে করোনার ফ্রন্টলাইন ওয়ারিয়র বা সামনের সারির যোদ্ধাদের টিকা দেওয়ার কাজ শুরু হবে। শুক্রবারই জেলায় জেলায় এর প্রস্তুতিপর্ব সাড়া হয়ে গেছে।