দ্য ওয়াল ব্যুরো: কাঁথি থানার দুয়ারে পৌঁছে পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। নেতৃত্বে যুব তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি তথা রামনগরের বিধায়ক অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। তারপর থানার আইসিকে সুপ্রকাশ আঙুল উঁচিয়ে বলতে থাকেন, "আপনাকে কিছু বললেই হুঁ হুঁ! দালালি বন্ধ করুন আইসি সাহেব!"
এরপর আইসি বলেন, "ঘটনাটায় আমারও খারাপ লাগছে!" আইসির কথা শেষ হতে না হতেই বিধায়ক পুত্র বলেন, "আরে ধ্যাত! বাজে কথা! আপনার যেমন বাজে লাগছে, আমাদের ফ্ল্যাগ-ফেস্টুন ছেড়া হচ্ছে। আপনার থেকে আরও ১০ গুণ বাজে আমাদের লাগছে।"
এখানেই থামেননি। সুপ্রকাশ গলা আরও চড়িয়ে বলেন, "আপনি কাকে ধমকানি দেখাচ্ছেন? সুষ্ঠু ভাবে চালান।"
থানায় গিয়ে পুলিশকে ধমকানোর ঘটনা তৃণমূলে নতুন নয়। তখন বাম জমানার শেষ দিক। দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানায় ঢুকে সোনালি গুহ অশ্রাব্য ভাষা উচ্চারণ করে বলেছিলেন, "মেরে তোমার জিভ টেনে ছিঁড়ে নেব......!" হেলমেট ছাড়া বাইক চালানোয় চাঁপদানির তৃণমূল কাউন্সিলর বিক্রম সিং ঘনিষ্ঠ এক যুবককে জরিমানা করায় চাঁপদানি ফাঁড়ি লণ্ডভণ্ড করে দিয়েছিল বিক্রম বাহিনী। এবার তাতে নতুন সংযোজন সুপ্রকাশ গিরি।
কাঁথির পুলিশ নিয়ে সম্প্রতি একাধিকবার মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, 'সপ্তাহে সপ্তাহে ভাইপো এখানে আইসি বদল করছে। কিন্তু ওসব করে লাভ হবে না!' হুঁশিয়ারির সুরে বলেছিলেন, আদর্শ আচরণবিধি চালু হতে দিন, তখন বুঝবেন।"
কিন্তু কে জানে কী এমন হল যে শীতের রাতে থানায় ছুটে এসে হুমকি দিতে হচ্ছে যুব তৃণমূলের জেলা সভাপতিকে! এর ফলেই প্রশ্ন উঠছে, তাহলে কি পুলিশ তৃণমূলের কথা শুনছে না?