দ্য ওয়াল ব্যুরো: ভোট শুরুর দু’ঘণ্টার মধ্যেই একাধিক অশান্তির খবর আসতে শুরু করেছে আট কেন্দ্র থেকে। অধিকাংশ জায়গাতেই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি-সহ বিরোধীরা। কিন্তু পশ্চিম মেদিনীপুরের বেলদায় একেবারে উলটপুরাণ। তৃণমূলের ক্যাম্প অফিস গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। শুধু তাই নয় তাদের চার কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ করেছে তৃণমূল।
আহত চার তৃণমূল কর্মীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাকি তিনজনের চিকিৎসা চলছে বেলদা গ্রামীণ হাসপাতালে। তৃণমূলের স্থানীয় এক নেতা অভিযোগ করেন, বিজেপি-র বাহিনী এসে প্রথমে ক্যাম্পে ভাঙচুর চালায়। তারপর আক্রমণ করে তাদের কর্মীদের। পাল্টা গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূলের লোকজন হামলা করতে এসেছিল। গ্রামবাসীরা প্রতিরোধ করেছে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় দু’জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশবাহিনী।
গত পঞ্চায়েত নির্বাচনে এই সব এলাকায় তৃণমূলের পায়ের তলার মাটি ধসে গিয়েছিল। কোথাও বিজেপি, কোথাও আদিবাসীদের মঞ্চ— দখল করে নিয়েছিল একাধিক গ্রাম পঞ্চায়েত এবং প্নচায়েত সমতির আসন। তা নিয়ে তৃণমূলের কপালে ভাঁজ পড়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত এক বছর ধরে বারবার ওই জেলায় গিয়ে ক্ষত মেরামতির চেষ্টা করেছেন। কিন্তু পর্যবেক্ষকদের মতে, ভোটের দিন একটা এলাকায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর হয়ে যাচ্ছে, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এই ঘটনার তাৎপর্য আছে বইকি।