নগদ চার লক্ষ টাকা ও গাড়ি সমেত উত্তরবঙ্গে গ্রেফতার তিন সন্দেহভাজন
দ্য ওয়াল ব্যুরো: অসম থেকে বিহারে যাওয়ার পথে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তাদের কাছ থেকে নগদ চার লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রচুর নগদ টাকা নিয়ে অসম থেকে বিহারে যাচ্ছেন তিন জন ব্যক্তি – গোপন সূত্রে এই খবর
শেষ আপডেট: 30 January 2020 14:24
দ্য ওয়াল ব্যুরো: অসম থেকে বিহারে যাওয়ার পথে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তাদের কাছ থেকে নগদ চার লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রচুর নগদ টাকা নিয়ে অসম থেকে বিহারে যাচ্ছেন তিন জন ব্যক্তি – গোপন সূত্রে এই খবর পেয়েছিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। খবর পেয়ে ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং শুরু করে তারা। চেকিংয়ের সময়ই জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। নগদ টাকার পাশাপাশি তাদের কাছ থেকে একটি ছোট গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের নাম খবিরুদ্দিন শেখ, নাজবুল হক ও রিঙ্কু আলি। তারা সকলেই অসমের ধুবড়ি জেলার বাসিন্দা বলে জেরা করে জানতে পেরেছে পুলিশ।

জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, “এত নগদ টাকা নিয়ে তারা কী করতে যাচ্ছিল তার সঠিক কোনও জবাব দিতে পারেনি অভিযুক্তরা। সদুত্তর না পেয়ে তিনজনকেই গ্রেফতার করে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে।”
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই টাকা তারা কোথা থেকে পেয়েছে, কী উদ্দেশ্যে ও কার কাছে তারা ওই টাকা নিয়ে যাচ্ছিল।
আশপাশে নেপাল, ভুটান ও বাংলাদেশ থাকায় উত্তরবঙ্গে চোরাচালানকারীরা বেশ সক্রিয়। বিভিন্ন সময় নিষিদ্ধ মাদক, পশুর দেহাংশ এমনকি জীবন্ত প্রাণীও উদ্ধার করা হয়েছে পাচারকারীদের কাছ থেকে। এবার একটি দলের কাছ থেকে একসঙ্গে এত টাকা উদ্ধার হওয়ায় সব দিক খতিয়ে দেখছে পুলিশ। জেরা করা হচ্ছে ধৃতদের।