দ্য ওয়াল ব্যুরো: ডোমকলে আরও তিন জনের করোনা পজিটিভ রিপোর্ট এল। গত রবিবার ডোমকলের জিৎপুরের একই পরিবারের দু’জনের রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের বহরমপুরে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন তাঁদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
ডোমকল ব্লক স্বাস্থ্য আধিকারিক মামুন রশিদ বলেন, “ওই পরিবারেরই আরও তিন জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। ওই পরিবারের আরও দুই সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। আক্রান্ত ওই তিনজনকেই সোমবার রাতে বহরমপুর করোনা হাসপাতলে ভর্তি করা হয়েছে।”
রবিবার রাতে আক্রান্তদের বাড়ি ও আশপাশের এলাকা জীবানুমুক্ত করা হয়। তারপরে আবার সোমবার রাতে এলাকা জীবাণুমুক্ত করা হয়েছে। মঙ্গলবারও এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে।
মুর্শিদাবাদ জেলায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১১ জন। তাঁদের মধ্যে চার জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ডোমকলের জিৎপুরের একই পরিবারের পাঁচ জন। বাকি দু’জনের এক জন রঘুনাথগঞ্জ ও অন্য জন খড়গ্রাম এলাকার বাসিন্দা। তাঁরাও এখন বহরমপুরে করোনা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা জ্বরের উপসর্গ নিয়ে জেলায় এসেছিলেন।