দ্য ওয়াল ব্যুরো: 'দুষ্টু লোক? ভ্যানিশ!'
এই তিনটে শব্দ নিয়ে কত কাণ্ডই না হয়েছিল নবছর আগে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে শারীরিক নিগ্রহ, গ্রেফতার, এক রাত্তির জেলে রাখা-- সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল নাগরিক সমাজ। সেই মিম বা ব্যঙ্গ চিত্রে তিন জনের ছবি ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেইসময় সদ্য রেলমন্ত্রী পদ থেকে অপসারিত দীনেশ ত্রিবেদী এবং সদ্য রেলমন্ত্রীর চেয়ার পাওয়া মুকুল রায়। মুকুলবাবু আগেই বিজেপিতে গেছেন। দীনেশ গতকাল দমবন্ধ হয়ে আসার কথা বলে তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তারপর এদিন অম্বিকেশবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ওঁরা (পড়ুন মুকুল রায় দীনেশ ত্রিবেদী) চলে গেলেন ঠিকই তবে আজও আমার নামে সেই মামলা আলিপুর কোর্টে বহাল তবিয়তে রয়েছে।"
অম্বিকেশবাবু এও জানিয়েছেন, সেই মামলায় তাঁকে হাজিরা দিতে যেতে হয়। গত ১ ফেব্রুয়ারি শেষ হাজিরা দিয়ে এসেছেন। আবার আগামী ৮ মার্চ শুনানির দিন রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক প্রবণতা ও প্রতিহিংসামূলক মানসিকতার অভিযোগ তুলে জেলে যাওয়া অধ্যাপক বলেন, "আমার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৬৬-এ ধারায় মামলা করা হয়েছিল। ওই ধারা দেশের বিভিন্ন রাজ্যে প্রয়োগ করে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছিল। ২০১৫ সালে একটি জনস্বার্থ মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে ওই ধারাটাই ভ্যানিশ হয়ে গিয়েছে। কিন্তু মামলাটা এখনও রয়েছে।"
মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে অম্বিকেশবাবু বলেন, "সেদিন তৃণমূলের গুণ্ডা আর পুলিশ মিলে যা ঘটিয়েছিল মুখ্যমন্ত্রী তা প্রকাশ্যে সমর্থন করেছিলেন। বলেছিলেন, আমি নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। কিন্তু ন'বছরে তাঁর পুলিশ আদালতে আমার বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে পারেনি।"
মুকুল রায় এখন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। দীনেশবাবু জানিয়েছেন, সেই নয়ের দশকের গোড়া থেকে নরেন্দ্র ভাই আর অমিত ভাই তাঁর কাছের বন্ধু। বিজেপির দরজা অনেকদিন ধরেই তাঁর জন্য খোলা। এদিন অম্বিকেশবাবু বলেছেন, "আমার খুব কৌতূহল, মুকুলবাবু, দীনেশবাবুরা আমার গ্রেফতারি ও হেনস্থা নিয়ে আজ কী বলছেন তা জানার।" তবে তাঁর এও বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যা করেছেন বিজেপি তা আরও বড় পরিসরে তা করতে চাইছে। রাজ্যে রাজ্যে সাংবাদিদের গ্রেফতার, সমাজকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া চলছে। এখানে যেমন কথায় কথায় মাওবাদী তকমা দেওয়া হয় সারা দেশে বিজেপি বলছে আর্বান নকশাল।"