দ্য ওয়াল ব্যুরো : বিশ্বকর্মা পুজোর দিন ভোররাতে গুলি করে খুন করা হল এক চা বিক্রেতাকে। তরুণ হালদার ( ৩২ ) নামের ওই যুবককে তাঁর দোকানেই গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার ভাকুড়ি বকুলতলা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে। পুলিশ সূত্রে খবর, তরুণের দাদা জয় হালদার জানিয়েছেন, বুধবার রাতে দোকান বন্ধ করার পর তরুণ জানান, রাতে তিনি বাড়ি ফিরবেন না। পাশের এক গ্যারেজে বিশ্বকর্মা পুজো আছে। তাই সেখানেই রাতে পিকনিকের পরিকল্পনা ছিল।
জানা গিয়েছে, রাত তিনটে নাগাদ ওই গ্যারেজের মালিক তরুণের বাড়িতে গিয়ে জানান, খাওয়া দাওয়া সেরে যখন তরুণ নিজের দোকানে গিয়ে ঘুমিয়ে ছিলেন, সেই সময় বাইকে করে দুজন এসে তাঁর মাথায় গুলি করে পালায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা সেখানে ছুটে যায়। খবর দেওয়া হয় বহরমপুর থানায়। পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠায়।
তরুণের দাদা জয় জানিয়েছেন, তাঁর ভাই কোনও রাজনৈতিক দলের কর্মী ছিলেন না। কারও সঙ্গে কোনও গণ্ডগোলও ছিল না তাঁর। তাহলে কেন তাঁকে খুন করা হল, সেটাই তাঁরা বুঝতে পারছেন না। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আশেপাশের লোককে জিজ্ঞাসাবাদ করে আততায়ীদের খোঁজ করার চেষ্টা করছে পুলিশ। জেরা করা হচ্ছে গ্যারেজের মালিককে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গিয়েছে।