দ্য ওয়াল ব্যুরো: ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্ন নিয়ে বিতর্ক চলছিল রবিবার বিকেল থেকেই। তাতে নতুন দিক সংযোজন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন একটি প্রশ্নোত্তর পত্রের ছবি টুইট করেছেন শুভেন্দু। তাতে একটি প্রশ্নে লেখা, পশ্চিমবঙ্গ সরকারের সবুজসাথী প্রকল্পে সরকারি/ সরকারপোষিত/ মাদ্রাসা/ বিদ্যালয়ের কোন শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের বিতরণ করা হয়? প্রশ্নের উত্তরে তিনটি অপশন রয়েছে। এই নিয়েই এবার সরব সরব হলেন শুভেন্দু।
নন্দীগ্রামের বিধায়ক টুইট করে লিখেছেন, “ইউপিএসএসি পরীক্ষায় যখন বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন এসেছিল তখন দুনিয়া রসাতলে চলে গিয়েছিল। এবার ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে সরকারি পোষ্য প্রকল্পের বিজ্ঞাপন। এবার দেখি, ছদ্ম বুদ্ধিজীবীরা তাঁদের ব্যাখ্যায় কী নতুন মোড়ক দেন!”
https://twitter.com/SuvenduWB/status/1429694610696069121?s=19
ইউপিএসসি পরীক্ষার ওই প্রশ্ন নিয়ে গর্জে উঠেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, বিজেপি দেশের শিক্ষা ব্যাবস্থার বারোটা বাজিয়ে দিয়েছে। এখন চাকরির প্রবেশিকা পরীক্ষাকে নিজেদের দলের সিলেবাসকে মুখ্য করতে চাইছে। রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্ন নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে একই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা।
ডব্লিউবিসিএস পরীক্ষায় আরও একটি প্রশ্ন নিয়ে বিজেপি সরব হয়েছে।প্রশ্ন এসেছিলন, ‘কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন (ক্ষমা প্রার্থনা) করেন?’ তার চারটি বিকল্প উত্তর হিসাবে দেওয়া ছিল। ‘ভি ডি সাভারকর’, ‘বি জি তিলক’, ‘শুকদেব থাপার’ ও ‘চন্দ্রশেখর আজাদ’। বিজেপি মুখপাত্র সায়ন্তন বসু বলেছেন, “সাভারকর কখনও মুচলেকা দেননি। ইংরেজদের কাছে মুচলেকা দিয়েছিলেন উৎপল দত্তরা। তৃণমূল ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে।”