দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক দিন ধরে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার হঠাৎ করেই মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যা দেখা দেয় অভিনেতার। ফের একবার শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। বুধবারও মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যার বিশেষ কোনও উন্নতি হয়নি বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। এছাড়া তাঁর অস্থিরতা রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার সন্ধেবেলা বেলভিউ হাসপাতালের তরফে জানানো হয়েছে, গত দু’দিনের মতোই শারীরিক অবস্থা রয়েছে সৌমিত্রবাবুর। মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যা অনেকটা একই রকমের রয়ে গিয়েছে। তার ফলেই অস্থিরতা রয়েছে। কেন এই সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, এই মুহূর্তে শরীরে কোনও সংক্রমণ নেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সব অঙ্গই ঠিকঠাক কাজ করতে তাঁর। হার্ট, কিডনি, লিভার সচল রয়েছে। বাইরে থেকে কোনও সাহায্য দিতে হচ্ছে না। এমনকি প্রয়োজন পড়লে তবেই অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। নইলে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ভালই রয়েছে। গতকাল থেকে স্টেরয়েডের হাই ডোজ দেওয়া হয়েছে তাঁকে।
চিকিৎসকদের মূল চিন্তার বিষয় সৌমিত্রবাবুর মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যা নিয়ে। আর তাই এই বিষয়ে দেশের অনেক বিশেষজ্ঞের কাছে পরামর্শ তাঁরা নিয়েছেন বলেই জানিয়েছেন। এমনকি বিদেশেও অনেক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোভিড এনসেফ্যালোপ্যাথির সমস্যা রয়েছে সৌমিত্রবাবুর। এই বিষয়ে তাঁর পরিবার ও মেয়ের সঙ্গে চিকিৎসকদের কথা হচ্ছে। তবে অনেক সময় কোভিড এনসেফ্যালোপ্যাথি তিন মাসও থাকতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নতুন করে কয়েকটি ওষুধ চালু করা হয়েছে অভিনেতার। তিনি ধীরে ধীরে সাড়া দিচ্ছেন বলেই জানিয়েছে হাসপাতাল।
এর আগে মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, গত চব্বিশ ঘন্টায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্কে হঠাৎ স্নায়ুজনিত সমস্যা দেখা দিয়েছে। এবং তার ফলে শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গ্লাসগো কোমা স্কেলে এই অবনতি ধরা পড়েছে। মস্তিষ্ক কতটা সাড়া দিচ্ছে তা এ ভাবে বোঝা যায়। জানা যায়, এই সূচক ১১ পর্যন্ত উঠেছিল, তার পর আবার নামতে শুরু করেছে।
হাসপাতালের তরফে আরও জানানো হয়, শারীরবৃত্তীয় ভাবে তিনি ভাল রয়েছেন। বাকি প্যারামিটার গুলিও ঠিকঠাক রয়েছে বলেই খবর। গোড়া থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য পাঁচ জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি টিম গঠন করা হয়েছিল। তাঁদের তত্ত্বাবধানেই রয়েছেন তিনি।