দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার কৃষ্ণনগরে ছেলের হাতে খুন হলেন মা। ভোজালি। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অঞ্জনাপাড়ায় প্রতিভা সাহাকে (৬০) এলোপাথাড়ি কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলে কল্যাণ সাহার বিরুদ্ধে। প্রতিভার ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে অঞ্জনাপাড়া এলাকার বাসিন্দা প্রতিভা সাহা নিজের বাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন। সেই সময় আচমকা তাঁর বড় ছেলে বছর চল্লিশের কল্যাণ সাহা একটি ভোজালি নিয়ে চড়াও হয়। সে এলোপাথাড়ি কোপাতে থাকলে চিৎকার করতে থাকেন প্রতিভা। তাঁর আর্তনাদ শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে বৃদ্ধাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
এর আগেও তার মা এবং পরিবারের অন্য সদস্যদের কল্যাণ মারধর করত বলে পরিবারের লোকের অভিযোগ। মৃতার ছোট ছেলে কুণাল সাহা জানান তিনি অ্যাম্বুল্যান্স চালান। তাঁরা দুই ভাই। বাড়ির নীচের তলায় মা ও তাঁর দাদা কল্যাণ থাকতেন। তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ির দোতলার থাকতেন। গত দু’দিন ধরে তাঁর মা তাঁর ঘরেই ছিলেন।
কুণাল জানিয়েছেন, তাঁর দাদা অবিবাহিত এবং মাঝে মধ্যে নেশা করতেন। এদিন তিনি তিনি কাজে বেরিয়ে যান। তারপরে জানতে পারেন দাদা আচমকাই মাকে ভোজালি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মেরে ফেলেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্ত কল্যাণ সাহাকে পুলিশ গ্রেফতার করেছে। মৃতদেহ শক্তিনগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।