তৃণমূলের আমলে পরিবহণে রাজস্ব বেড়েছে কয়েক গুণ, বিধানসভায় দাঁড়িয়ে বললেন শুভেন্দু
দ্য ওয়াল ব্যুরো: পরিবহণ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে এই প্রথম আলোচনা হল বিধানসভায়। এই আলোচনায় পরিবহণ থেকে রাজ্য সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০১১ সালের মার্চ মাসে তৃণমূল সরকার
শেষ আপডেট: 6 December 2019 15:13
দ্য ওয়াল ব্যুরো: পরিবহণ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে এই প্রথম আলোচনা হল বিধানসভায়। এই আলোচনায় পরিবহণ থেকে রাজ্য সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০১১ সালের মার্চ মাসে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময় থেকে বর্তমানে পরিবহন খাতে রাজস্ব আদায়ের খতিয়ান তুলে ধরেন শুভেন্দু।
এই আলোচনাসভায় শুভেন্দু জানান তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন রাজস্ব আদায়ের পরিমাণ অনেক গুণ বেড়ে গিয়েছে। তিনি বলেন, "২০১১ সালের মার্চ মাসে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময় সরকারি পরিবহন থেকে রাজস্ব আদায়ে হত বছরে ৯০০ কোটি টাকা। সেখানে ২০১৬ সালে যখন আমি পরিবহন দফতরের দায়িত্ব নিলাম তখন তা বেড়ে ১৭০০ কোটি টাকা হয়েছে। বর্তমানে চলতি অর্থবর্ষে ইতিমধ্যে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছি আমরা। চলতি অর্থবর্ষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তিন হাজার কোটি টাকা ধার্য করেছে পরিবহন দফতর।"

এদিন বিধানসভায় শুভেন্দু আরও জানান, জলপথে বিকল্প পরিবহণের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। হলদিয়া থেকে গুপ্তিপাড়া পর্যন্ত জলপথ পরিবহণের কাজ চলছে বলেই জানান তিনি। পরবর্তী ধাপে গুপ্তিপাড়া থেকে মুর্শিদাবাদের আহিরণ পর্যন্ত সেই কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি। এই কাজে বিশ্বব্যাঙ্ক থেকে ৩৩০০ কোটি টাকা অনুদান পাবে রাজ্য সরকার। তিন বছর ধাপে ধাপে এই কাজ করা হবে বলে জানানো হয়েছে।
বিধানসভায় দাঁড়িয়ে পরিবহণমন্ত্রী এও বলেন যে গঙ্গাসাগর মেলায় এবছর থেকে এয়ার অ্যাম্বুলেন্স থাকবে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে বা কোনও ব্যক্তি অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা যায়। যদিও কতগুলো এয়ার অ্যাম্বুলেন্স থাকবে তা এখনও জানাননি তিনি।