দ্য ওয়াল ব্যুরো: তাঁর গলার জাদুতে মেতেছিল গোটা বাংলা। তাঁর সুরের তালে পা দোলাতো আট থেকে আশি। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে এসে নিজের প্রতিভার বলে জিতেছিলেন সারেগামাপার খেতাব। সেই সৌম্য চক্রবর্তীর বিরুদ্ধেই উঠেছে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সৌম্যর বিরুদ্ধে অভিযোগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাড়িতে ডেকে মাদক খাইয়ে তাঁকে ধর্ষণ করেছেন তিনি। ওই ছাত্রী কাশীপুর থানায় সৌম্যর বিরুদ্ধে অভিযোগ করলে রবিবার কাশীপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। সোমবার সৌম্যকে শিয়ালদহ আদালতে তোলা হলে তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
জানা গিয়েছে, এই ঘটনার পর থেকেই সৌম্যর মা পলাতক। তাঁরও খোঁজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে।
প্রথমবার সারেগামাপার মঞ্চে গিয়ে নিজের বাউল গানে সবাইকে চমকে দিয়েছিলেন বাঁকুড়ার এই তরুণ। বিচারকদের পছন্দের প্রতিযোগী সৌম্য সে বার জিতেও যান এই রিয়েলিটি শো। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সৌম্যকে। তাঁর জনপ্রিয়তা তাঁকে স্টার বানিয়ে দেয়। বাংলা সারেগামাপা জেতার পর হিন্দি রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে যান সৌম্য। সেখানেও তাঁর গান মুগ্ধ করেছিল বিচারকদের।
আপাতদৃষ্টিতে লাজুক এই ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ শুনেই অবাক হয়ে যাচ্ছেন তাঁর সঙ্গে কাজ করা লোকজন থেকে শুরু করে বন্ধু-বান্ধবরা। অনেকে আবার আড়ালে বলছেন, হঠাৎ করে নাম-টাকা সব চলে আসায় মাথাটা বিগড়েছিল। নইলে কেউ এমন কাজ করে।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-west-bengal-speculation-that-reshuffling-may-happen-in-state-cabinet-too/