দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার আবিষ্কার করা স্পুটনিক ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নির্বাচিত হয়েছিল কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হতে চলেছে বলে খবর।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাজ্যের স্বাস্থ্য দফতর এই ট্রায়ালের বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দেয়নি। ফলে দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল সাগর দত্ত মেডিক্যাল কলেজে হচ্ছে না।
দেশের ছ'টির বেশি শহরে একাধিক হাসপাতালে স্পুটনিকের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল হবে বলে ঠিক ছিল। বাংলার একমাত্র হাসপাতল হিসেবে সাগর দত্ত মেডিক্যাল কলেজকেই বেছে নেওয়া হয়েছিল। সেই মতো ১২ জন স্বেচ্ছাসেবকও ভ্যাকসিন নেওয়ার জন্য তৈরি হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়তো বাস্তবায়িত হচ্ছে না।
ডিসেম্বরে স্পুটনিকের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর কথা রয়েছে। তারই আগের ধাপ হিসেবে দেশের ছটির বেশি শহরে বিভিন্ন হাসপাতালে দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের সূচি নির্ধারিত ছিল। জানা গিয়েছে ডিসেম্বরে হতে চলা তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রাজ্যের তিন হাসপাতাল রয়েছে। সাগর দত্ত ছাড়াও সেই তালিকায় রয়েছে পিয়ারলেস এবং মেডিকা সুপার স্পেশালিটি।
এখন দেখার সেই পর্যায়ে কী হয়। যদিও এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে শিগগিরই বিশেষজ্ঞ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।