দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের জামুড়িয়ার কেন্দা ফাঁড়ি এলাকায় বুধবার সকাল ন'টা নাগাদ একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল বাইকআরহী এক যুবকের। তাঁর সহযাত্রীকে গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম সঞ্জয় বাল্মীকি, বয়স চৌত্রিশ বছর। তিনি দুর্গাপুর এনটিএস থানা এলাকার বাসিন্দা। আহত বছর পঁয়ত্রিশের প্রদীপ বাল্মীকি তাঁর আত্মীয়।
জামুড়িয়ায় একটি কারখানায় কাজে যোগ দেওয়ার জন্য সঞ্জয় ও প্রদীপ একটি বাইকে চেপে দুর্গাপুর থেকে আসছিলেন। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা দশ চাকার একটি ডাম্পার কুনুস্তোড়িয়া মোড়ের কাছে তাঁদের ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় তাঁরা দু’জনেই ছিটকে দূরে পড়ে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইকের চালক সঞ্জয় বাল্মীকির। দুর্ঘটনার পরে ডাম্পারটি পালিয়ে যায়। তখনও রাস্তায় তেমন লোক ছিল না তবে জলওয়ালা এবং কয়েক জন দোকানি তা লক্ষ করে স্থানীয় ফাঁড়িতে খবর দেন। পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
আহত প্রদীপের একটি হাত ভেঙে গেছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর শরীরে আরও কয়েক জায়গায় আঘাত রয়েছে। হাসপাতালে আহতের চিকিৎসা শুরু হয়েছে। মৃত সঞ্জয় বাল্মীকির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ওই ঘাতক ডাম্পারটিকে খুঁজছে।