দ্য ওয়াল ব্যুরো: টানা দেড় মাস স্কুল বন্ধ। আর এই সুযোগে তালা ভেঙে স্টোর রুম থেকে চাল চুরি হয়ে গেল পূর্ব বর্ধমানের জামালপুরের একটি স্কুল থেকে। জামালপুরের জৌগ্রামের ইলসেগড়িয়া শিশুশিক্ষা কেন্দ্রের এক রান্নার কর্মী বুধবার সকালে দেখতে পান যে স্কুলের প্রধান দরজা খোলা ও তালা ভাঙা। এই দৃশ্য দেখেই তিনি খবর দেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রধান সহায়িকা রিনা চট্টোপাধ্যায়কে।
শিশুশিক্ষা কেন্দ্রের প্রধান সহায়িকা রিনা চট্টোপাধ্যায় বলেন সরকারি নির্দেশিকা অনুযায়ী ১৬ মার্চ থেকে তাঁদের স্কুল বন্ধ হয়ে গেছে। তাঁর কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা একশো। এরপর নিয়ম মতো মার্চ মাসে পড়ুয়া পিছু দু’কেজি করে চাল এবং দু’কেজি করে আলু দেওয়া হয়। এপ্রিল মাসে দেওয়া হয় তিন কেজি করে চাল এবং তিন কেজি করে আলু।
ওই একশো জনকে চাল ও আলু দেওয়ার পরেও দশ বস্তা মতো চাল স্কুলে থেকে যায়। স্কুলের নির্দিষ্ট স্টোররুমে ওই বাড়তি চাল মজুত করা ছিল। সেই চালের বস্তাই চুরি হয়ে গেছে। চুরির কথা জানানো হয় জামালপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিস্থিতি খতিয়ে দেখে। থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
দেশ জুড়ে লকডাউন চলছে। তবে তার অনেক আগেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়। পরে জানানো হয় যে মিড-ডে মিল দেওয়া না হলেও ছাত্রছাত্রীদের প্রাপ্য জিনিস রান্না না করা অবস্থায় দেওয়া হবে। মূলত চাল ও আলু দেওয়া শুরু হয় স্কুলগুলিতে।