অনুষ্ঠানের অনুমতি না মেলায় দুর্গাপুরে রেস্তরাঁ ভাঙচুর ও গুলি, অভিযুক্ত তৃণমূল
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ইস্পাত কলোনির কুমারমঙ্গলম পার্কে আজ সকালে মারধর করা হল পার্কের লিজ হোল্ডার দেবাশিস রায়কে। ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে পার্কের ভিতরে থাকা রেস্তরাঁটিও। ভেঙে দেওয়া হয়েছে রেস্তরাঁর ভিতরে থাকা সিসিটিভি
শেষ আপডেট: 22 February 2020 13:13
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ইস্পাত কলোনির কুমারমঙ্গলম পার্কে আজ সকালে মারধর করা হল পার্কের লিজ হোল্ডার দেবাশিস রায়কে। ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে পার্কের ভিতরে থাকা রেস্তরাঁটিও। ভেঙে দেওয়া হয়েছে রেস্তরাঁর ভিতরে থাকা সিসিটিভি, ল্যাপটপ, কম্পিউটার প্রভৃতি। এমনকি এই ঘটনার জেরে তিন রাউন্ড গুলি চলেছে বলেও অভিযোগ।
অভিযোগ, আজ সকালে দলবল নিয়ে পার্কে চড়াও হন স্থানীয় কাউন্সিলর রাজীব ঘোষ। তাঁর নেতৃত্বেই মারধর করা হয় দেবাশিস রায়কে।
ঘটনার সূত্রপাত পার্কের ভিতরে একটি অনুষ্ঠান করা নিয়ে। দুর্গাপুর ইস্পাতের অধীন এই পার্কটি লিজে নিয়েছে এক্সল্ট সার্ভিসেস লিমিটেড নামে একটি সংস্থা। সেই সংস্থার সঙ্গে আইনি লড়াই চলছে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের। এক্সল্ট সার্ভিসেস লিমিটেডের কর্ণধার হলেন দেবাশিস রায়, তিনি বিজেপির সঙ্গে যুক্ত।
[caption id="attachment_188814" align="aligncenter" width="532"]

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বুলেট[/caption]
এক্সল্টের থেকে সাব লিজ নিয়ে ডলফিন নামে একটি সংস্থা ওই পার্কে একটি স্ন্যাক্স কাউন্টার চালায়। ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠান আয়োজন করেছিল ডলফিন। এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, শান্তিরাম মাহাত, তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার উপস্থিত থাকার কথা ছিল তবে এখন দুর্গাপুর ইস্পাতের সঙ্গে এক্সল্ট সার্ভিসের আইনি লড়াই চলায় এই অনুষ্ঠানের অনুমতি দেয়নি এক্সল্ট। একথা পুলিশকেও জানানো ছিল বলে দাবি দেবাশিস রায়ের। তার জেরেই এই হামলা বলে মনে করা হচ্ছে।
হামলায় দেবাশিস রায়-সহ তিন জন আহত হয়েছেন। পার্কের কর্মী অতুল বাগদি জানান যে শেখর নামে এক দুষ্কৃতী তিন রাউন্ড গুলি চালিয়েছে, সঙ্গে কয়েকশো লোক ছিল, তারা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ।
১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষের নেতৃত্বেই এই হামলা বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর। তিনি অভিযোগ করেছেন, পুলিশের সামনেই হামলাকারীরা তাণ্ডব চালায়। রাজীব ঘোষ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।