
শেষ আপডেট: 16 October 2019 05:03
অনেক খুঁটিয়ে দেখে তবেই বোঝা গেল, না ইনি কোনও সেলিব্রিটি চিত্রতারকা নন। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় উপভোক্তা বিষয়ক মন্ত্রী সাধন পাণ্ডে।
উত্তর কলকাতার আজকের নেতা নন সাধনবাবু। ঘরোয়া আড্ডায় তাঁর স্মৃতিচারণায় এখনও বেরিয়ে পড়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে কথোপকথনের কথা। কংগ্রেসে থাকাকালীন ও পরে তৃণমূল গঠনের পর দিদির আন্দোলনের বহুদিনের শরিক।
কিন্তু সাধনবাবুকে এতটা রঙিন সম্ভবত তৃণমূল বা কংগ্রেসে অনেকেই দেখেননি। এর আগে তৃণমূলে এতটা রঙিন বলে পরিচিত ছিলেন একমাত্র শোভন চট্টোপাধ্যায়ই। সৌখিনও বটে। বহুমূল্য বিদেশি ব্র্যান্ডের জামা, জুতো, বেল্ট, রুমাল ব্যবহারের জন্য পরিচিত ছিলেন শোভন। হেভিওয়েট মন্ত্রী ছিলেন বলে সেসব নজরেও পড়ত। স্নেহের কাননকে দিদি অবশ্য কোনওদিন এজন্য বকাবকিও করেননি। তা ছাড়া নিজে সাদা শাড়ি পরলেও দলের তরুণ নেতাদের কেউ সাদা বা ফ্যাকাশে পাঞ্জাবি পরে ঘুরলে দিদিই বলেন, এরকম পোশাক পরেছ কেন? হাফ স্লিভ জামা পরো। বাচ্চা ছেলে। দেখতে ভাল লাগবে। যদিও হাতেগোনা কয়েকজন বিধায়ক বা নেতা ছাড়া তৃণমূলে কেউই সেসব পরেন না।
তবে সাধনবাবু অনন্য। শোভনের তুলনায় ইদানীং তিনি কম যাচ্ছেন না। দেশি ও বিদেশি ডিজাইনারদের জামা পরেন মাঝেমধ্যেই। তাঁর ঘনিষ্ঠরা বলে সবটাই মেয়ে শ্রেয়া পাণ্ডের সৌজন্যে। গত কয়েক বছর ধরে পুজোর সময় বিদেশে বেড়াতে যান তিনি। এ বার পুজোর পরই সপরিবারে মেক্সিকো বেড়াতে গিয়েছেন। মেয়ে ও নাতনির সঙ্গে ছবিটা সেখানেই তোলা।
পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…