নবান্নে শীর্ষ আমলা বদল: মলয় দে-র অবসরের পর রাজীব সিনহাই কি পরবর্তী মুখ্যসচিব
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার চাকরি জীবন থেকে তথা রাজ্য সরকারের মুখ্য সচিব পদ থেকে মলয় দে-র অবসর নেওয়ার কথা। সেই অনুযায়ী আজকালের মধ্যে নতুন মুখ্য সচিবের নামও ঘোষণা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তার আগে নবান্নের একাধিক সূত্রের দাবি,
শেষ আপডেট: 26 September 2019 10:28
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার চাকরি জীবন থেকে তথা রাজ্য সরকারের মুখ্য সচিব পদ থেকে মলয় দে-র অবসর নেওয়ার কথা। সেই অনুযায়ী আজকালের মধ্যে নতুন মুখ্য সচিবের নামও ঘোষণা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তার আগে নবান্নের একাধিক সূত্রের দাবি, পরবর্তী মুখ্য সচিব হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রাজ্যের বর্তমান স্বাস্থ্য সচিব রাজীব সিনহা।
এর আগে শিল্প দফতর সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন রাজীববাবু। তাঁর কাজের ধরনও পেশাদার বলে অনেক সহকর্মীই মনে করেন। তা ছাড়া তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলেও অনেকের মত।
তবে এই প্রতিবেদনের শুরুতে জানিয়ে রাখা ভাল যে মন্ত্রিসভায় রদবদল হোক বা নবান্নে আমলাদের পদ ও দায়িত্ব বদল, - সব ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সিদ্ধান্ত একেবারে শেষ মুহূর্তে প্রকাশ করেন। আগে থেকেই কেউই সে সবের আঁচ পান না। আরও তাৎপর্যপূর্ণ হল, আপাত ভাবে যা অনিবার্য মনে হয়, দেখা যায় মুখ্যমন্ত্রী তা করেন না।
তবে এও ঠিক, তিনি সিদ্ধান্ত গ্রহণের সময় পরোক্ষে কিছু বিষয়ে তাঁর ঘনিষ্ঠ আমলা-মন্ত্রী বা দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন। সেই সব আলোচনা থেকে কখনও সখনও চুঁইয়ে কিছু খবর বাইরে চলেও আসে। এ ক্ষেত্রেও তেমনই হয়েছে বলে একটি সূত্রের দাবি।
এবং ওই সূত্রের এও দাবি, যা অনিবার্য বলে অনেকে ভাবছেন তা নাও হতে পারে। যেমন বছর দুয়েক আগে মলয়বাবু মুখ্য সচিব হওয়ার সময় অনেকে ধরেই নিয়েছিলেন তৎকালীন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হবেন। কিন্তু প্রায় সবাইকে চমকে দিয়ে অত্রি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র সচিব করেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও অত্রি ভট্টাচার্য সে জন্য সুযোগ্য ছিলেন কিনা তা নিয়ে আমলাদের মধ্যে থেকেই ঘরোয়া আলোচনায় প্রশ্ন উঠেছিল।
পরে অত্রিকে স্বরাষ্ট্র সচিব পদ থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। তার পর আলাপনবাবুকে ওই পদে নিয়ে আসেন। এখন অনেকেরই আম ধারনা ছিল আলাপবাবুই হবেন পরবর্তী মুখ্য সচিব। কিন্তু বিষ্যুদবার দুপুর থেকে অন্য খবর ভাসতে শুরু করে দিয়েছে গঙ্গাপারের নবান্নে। এখন দেখার মুখ্যমন্ত্রী শেষমেশ কী সিদ্ধান্ত নেন!