#Breaking: নবান্নে শীর্ষ আমলা বদল: মলয় দে-র অবসরের পর রাজীব সিনহাই পরবর্তী মুখ্যসচিব
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার চাকরি জীবন থেকে তথা রাজ্য সরকারের মুখ্যসচিব পদ থেকে মলয় দে-র অবসর নেওয়ার কথা। তার আগে বৃহস্পতিবারই রাজ্যের পরবর্তী মুখ্যসচিবের নাম ঘোষণা করে দিল নবান্ন। বর্তমান স্বাস্থ্যসচিব রাজীব সিনহাকেই নতুন ম
শেষ আপডেট: 26 September 2019 11:05
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার চাকরি জীবন থেকে তথা রাজ্য সরকারের মুখ্যসচিব পদ থেকে মলয় দে-র অবসর নেওয়ার কথা। তার আগে বৃহস্পতিবারই রাজ্যের পরবর্তী মুখ্যসচিবের নাম ঘোষণা করে দিল নবান্ন। বর্তমান স্বাস্থ্যসচিব রাজীব সিনহাকেই নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হল। মলয় দে অবসর নেওয়ার পরেই দায়িত্ব নেবেন রাজীববাবু।
দ্য ওয়াল-এ আগেই এই সম্ভাবনার কথা জানানো হয়েছিল। সেটাই সত্যি হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে এই কথা ঘোষণা করে শুভেচ্ছা জানান মলয়বাবু ও রাজীববাবু দু'জনকেই।
https://twitter.com/MamataOfficial/status/1177174537302994944
মলয় দে-র অবসরের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই নবান্নে জল্পনা শুরু হয়েছিল, পরবর্তী মুখ্যসচিব কে হবেন। যেহেতু মন্ত্রিসভায় রদবদল হোক বা নবান্নে আমলাদের পদ ও দায়িত্ব বদল, – সব ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সিদ্ধান্ত একেবারে শেষ মুহূর্তে প্রকাশ করেন এবং আগে থেকে কেউই সে সবের আঁচ পান না, তাই জল্পনা বাড়ছিল।

অবশ্য সিদ্ধান্ত গ্রহণের সময় পরোক্ষে কিছু বিষয়ে তাঁর ঘনিষ্ঠ আমলা-মন্ত্রী বা দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেই সব আলোচনা থেকে কখনও সখনও চুঁইয়ে কিছু খবর বাইরে চলেও আসে। সেরকম ভাবেই রাজীব সিনহার নাম 'দ্য ওয়াল-এর' কাছে চলে আসে। সেই খবরই শেষ পর্যন্ত সত্যি হল।
নবান্নের মধ্যে খবর ভাসছিল, মলয় দে-র পরে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় হয়তো পরবর্তী মুখ্যসচিব হবেন। কিন্তু তার মধ্যেই ভেসে আসে রাজীববাবুর নাম। শেষ পর্যন্ত সেই নামেই সিলমোহর দিল নবান্ন।
এর আগে শিল্প দফতর সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন রাজীববাবু। তাঁর কাজের ধরনও পেশাদার বলে অনেক সহকর্মীই মনে করেন। তা ছাড়া তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলেও অনেকের মত।