দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই রবিবার সকাল থেকে কমেছে বৃষ্টির দাপট। দোলের আগে রোদ ঝলমলে দিন হওয়ায় বেজায় খুশি বঙ্গবাসী। যদিও এদিন ভোররাতে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে গত কয়েক দিনের মেঘলা আকাশ আর নেই এখন। কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আলিপুর জানিয়েছে রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আজ থেকেই পরিবর্তন হবে আবহাওয়ার।
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি কম। এর সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০০১.৯ মিলিমিটার।
গত সপ্তাহে মঙ্গলবার থেকে প্রায় রোজই বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বর্ষণ চলেছে উত্তরবঙ্গেও। কোথাও হাল্কা, কোথাও বা মাঝারি। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলা যেমন ঝাড়গ্রাম, বীরভূম----এসব এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দাপট ছিল ঝোড়ো হওয়ার। সারা বাংলাতেই ছবিটা ছিল একই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতের জেরেই এই বৃষ্টি হয়েছে। সঙ্গে দোসর বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত। আইএমডি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রি-মনসুনের বৃষ্টি হওয়ায় একই সঙ্গে সব জায়গায় বৃষ্টি হবে না। একটানা বর্ষণের সম্ভাবনাও কম। গত কয়েকদিন ধরে হয়েওছে তেমনটাই।
যদিও হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। বরং দোল এবং হোলি উৎসবের আগে রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। রংয়ের উৎসব জমিয়ে উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ।