দ্য ওয়াল ব্যুরো : রবিবার কলকাতা বিমানবন্দর থেকে বেরনোর পরেই গাড়ি তল্লাশি হয়েছিল বিজেপি নেতা মুকুল রায়ের। সোমবার গাড়ি তল্লাশি হলো ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের। বিজেপির রাজ্য সদর দফতর থেকে বেরনোর পরেই তাঁর গাড়ি তল্লাশি হয় বলে খবর। জানা গিয়েছে, তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। তল্লাশি চলাকালীন রাস্তার উপরেই নিজের কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থী বসে পড়েন বলে খবর। পড়ে অবশ্য পুলিশ কর্তাদের অনুরোধে তিনি বৌবাজার থানায় যান বলে খবর। তারপর সেখান থেকে রওনা দেন নিজের কেন্দ্রের উদ্দেশে।
ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। জানা গিয়েছে, ৬ নম্বর মুরলীধর সেন স্ট্রিটে বিজেপির সদর দফতর থেকে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর গাড়ি বেরনোর পরেই সেন্ট্রাল অ্যাভিনিউতে তাঁর গাড়ি আটকায় পুলিশ। তারপরে শুরু করা হয় গাড়ি তল্লাশি। নীলাঞ্জন রায় কিছুক্ষণ পরে পুলিশকে জানান, ডায়মন্ড হারবারে তাঁর কিছু গুরুত্বপূর্ণ সভা রয়েছে, তাই তাঁকে যেতে দেওয়া হোক। কিন্তু পুলিশের তরফে জানানো হয়, উপরতলার নির্দেশ রয়েছে, তাঁকেও সেখানে থাকতে হবে।
এর পরেই নিজের কর্মী সমর্থকদের নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে রাস্তার উপরেই বসে পড়েন নীলাঞ্জন। যদিও গাড়ি তল্লাশি করে কিছু মেলেনি বলেই জানা গিয়েছে। এরপরে পুলিশ তাঁকে বৌবাজার থানায় যেতে বললে তিনি রাজি হাননি। শেষ পর্যন্ত বৌবাজার থানার আইসি এসে অনুরোধ করলে তিনি সেখানে গিয়ে গাড়ি তল্লাশির পরবর্তী সই-সাবুদ করে প্রায় দেড়ঘণ্টা পর সেখান থেকে রওনা দেন।
এই ঘটনার পরেই বিজেপির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদের প্রার্থী ও নেতাদের হেনস্থা করা হচ্ছে। ষষ্ঠদফার ভোটের আগেই ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি তল্লাশি হয়েছিল। জোর করে তল্লাশির পরেও ১ লক্ষ ১৩ হাজার টাকা পাওয়া গিয়েছিল তাঁর গাড়িতে। রবিবার বিজেপি নেতা মুকুল রায়ের গাড়ি কলকাতা বিমানবন্দর থেকে বের হওয়ার পরেই একবার বিমানবন্দর গেটের কাছে ও একবার কৈখালিতে তাঁর গাড়ি তল্লাশি করা হয়। যদিও মুড়ি, বিস্কুট, জল ছাড়া তাঁর গাড়িতে আর কিছুই পাওয়া যায়নি। তারপর সোমবার বিজেপি প্রার্থীর গাড়ি তল্লাশি হলো। ইচ্ছে করে তৃণমূল প্রভাব খাটিয়ে প্রশাসনকে দিয়ে এই কাজ করাচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি।
অন্যদিকে বিজেপির অভিযোগের ভিত্তিতে তৃণমূলের এক স্থানীয় নেতার বক্তব্য, "নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে তো রাজ্যের প্রশাসন নির্বাচন কমিশনের হাতে। বিজেপিই বরং বারবার কমিশনের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছে। বিজেপি নেতা-প্রার্থীদের গাড়ি তল্লাশির বিষয়ে অভিযোগ থাকলে তাঁরা কমিশনের হন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।"
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-state-bjp-candidate-sayantan-basu-says-they-are-ready-to-make-violence-if-central-force-ignores-their-duty/