দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের উত্তপ্ত হল ভাটপাড়া। দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বোমাবাজি ঠেকাতে এলাকায় বিশাল পুলিশবাহিনী এবং র্যাফ নামানো হয়েছে।
গত বছর ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনের দিন থেকে অশান্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। ভোটের ময়দানে মুখোমুখি লড়াই হয়েছিল মদন মিত্রের সঙ্গে অর্জুন সিংয়ের ছেলে পবন সিংয়ের। সেই অশান্তি চলেছিল প্রায় চারমাস। গুলি বোমায় তটস্থ ছিল ভাটপাড়া-কাঁকিনাড়ার বিস্তীর্ণ অঞ্চল। বহু কষ্টে শান্তি ফেরে। শুক্রবার দুপুরের পর থেকে সেই ভাটপাড়াই ফের কেঁপে উঠল বোমার শব্দে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাটনা থেকে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার মানিকপীড় এলাকায় আসেন। সরকারি নির্দেশ মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে না থেকে তাঁরা এলাকায় ঘোরাঘুরি শুরু করেন। এই নিয়ে এলাকার বাসিন্দারা প্রতিবাদ করতেই শুরু হয় ব্যাপক বোমাবাজি। বোমায় আঘাতে একজন আহত হন। তাঁকে ভাটাপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
তবে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের ছেলে পবন সিংয়ের অভিযোগ, তোলাবাজি নিয়ে দুই গোষ্ঠীর ঝামেলা বাধে। শুরু হয় বোমাবাজি। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগেই দুষ্কৃতীরা বোমাবাজি করেছে। এই দু’দল দুষ্কৃতীই তৃণমূলের সদস্য।
ভাটপাড়ার তৃণমুল কনভেনর ধরমপাল গুপ্তও তোলাবাজি নিয়ে ঝামেলার কথা বলেন। তবে এই ঝামেলায় তাদের দলের কেউ যুক্ত নেই বলেই দাবি করেন ধরমপালবাবু। তিনি বলেন, ‘‘ঘটনার পেছনে যেই থাক ব্যবস্থা নেবে পুলিশ। ভাটপাড়াকে ফের অশান্ত হতে দেওয়া যাবে না।’’