দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে আবার একটি পূর্ণ বয়স্ক ময়ূর উদ্ধার হল বাঁকুড়ার সোনামুখিতে। বন দফতর সূত্রে খবর, রবিবার সোনামুখির ইঁদকাটা বনাঞ্চলের ধাদকিডাঙা এলাকার লোকালয়ে ওই ময়ূরটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। তা দেখে স্থানীয় গ্রামবাসীরা সোনামুখি বন দফতরে খবর দেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত বনাধিকারিক গ্রামে গিয়ে ময়ূরটি উদ্ধার করে নিয়ে যান।
বন দফতরের সোনামুখি বিট অফিসার দেবাশিস নায়েক বলেন, “ময়ূরটি সামান্য অসুস্থ। প্রাণী চিকিৎসককে দিয়ে স্বাস্থ্য পরীক্ষার পরে আবার সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
মে মাসের গোড়ায় বাঁকুড়ার সোনামুখি ব্লকেরই তিউরা গ্রামে মাছ ধরার জালে ধরা পড়েছিল বিশাল বড় মাপের একটি ময়াল। সেদিন ময়াল ধরা পড়ার ব্যাপারে কেউ বন দফতরে কোনও খবর দেননি। এলাকার লোকজনই সেটিকে পাশের বনে ছেড়ে দেন।
তার ঠিক এক দিন আগে জেলার শালতোড়ায় একটি হরিণ ঢুকে পড়ে লোকালয়ে। লকডাউন শুরু হওয়ার পর থেকে বেলিয়াতোড়, সারেঙ্গা প্রভৃতি জায়গাতেও হরিণ বেরিয়েছে। সব মিলিয়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে চারটি হরিণ লোকালয়ে ঢুকে পড়েছে। একটি হরিণ আবার কুকুরের তাড়া খেয়ে পুকুরে নেমে পড়ে। তার শরীরে ক্ষত তৈরি হয়েছিল। বন দফতর সেই হরিণটিকে উদ্ধার করে চিকিৎসা করে। লক ডাউন শুরু হওয়ার ঠিক পরে জেলার পাত্রসায়রে একটি গ্রামের ভিতরে চলে এসেছিল ময়ূর।
করোনার জন্য মানুষ যত বেশি করে ঘরে থাকা শুরু করেছে বন্যপ্রাণীরাও তত বেশি করে স্বাধীনতার স্বাদ নেওয়ার চেষ্টা করছে।