দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: দেশজুড়ে লকডাউন শুরু হতেই রাজ্যের বনাঞ্চল লাগোয়া বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীর দেখা পাওয়া যাচ্ছিল। এক দিনের লকডাউনেও তেমনটি দেখা গেল ঝাড়গ্রাম জেলায়। রাজ্য সড়কে উঠে এল একটি পূর্ণবয়স্ক ময়ূর।
বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে বিনপুর থানার আউলিয়া গ্রাম সংলগ্ন একটি খালের কাছে একটি পূর্ণ বয়স্ক ময়ূরকে ঘুরে বেড়াতে দেখা যায়। জায়গাটি ঝাড়গ্রাম বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়কের ধারে। বেলপাহাড়ি থানার পাহাড় ঘেঁষা গ্রামগুলিতে ময়ূর দেখা যায়। এখানে ময়ূরঝরনা গ্রাম তো বটেই, কাঁকড়াঝোড়, আমলাশোল, তামজুড়ি, চাকাডোবা, চুরিমারা প্রভৃতি গ্রামে হামেশাই ময়ূর দেখতে পাওয়া যায়। তবে বিনপুরে সেভাবে দেখা যায় না।
এর আগে এপ্রিল মাসে লোকের তাড়া খেয়ে একেবারে ঝাড়গ্রাম শহরের মধ্যে একটি দলছুট দাঁতাল হাতি ঢুকে পড়ে। লকডাউনের মধ্যেই তখন হাতি তাড়াতে লোকে পথে নেমে পড়েছিলেন। এদিনও লোকজন মোবাইল ফোন হাতে ময়ূরের ছবি তুলতে শুরু করে দেন।
ঝাড়গ্রাম জেলায় করোনা সংক্রামিতের সংখ্যা কম। বৃহস্পতিবার লকডাউনে লোকে রাস্তায় বের হননি। সকাল থেকেই জনশূন্য ছিল জেলার সব রাস্তাঘাট। বন্ধ ছিল সব দোকান। বসেনি বাজারও। ঝাড়গ্রাম শহরের মূল সবজি বাজার ও মাছের বাজার বন্ধ ছিল। তবে এদিন ওষুধের দোকান ও প্যাথোলজিক্যাল ল্যাব খোলা ছিল।
শহরের মূল বাজার জুবিলি মার্কেট তো বটেই, কোর্ট রোডের বাজারও বন্ধ ছিল। শহরের গুরুত্বপূর্ণ সব এলাকাই এদিন ছিল একেবারে শুনশান। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম শহর ঢোকার মুখে ব্যারিকেড করে দেওয়া হয়। সারদা বিদ্যাপীঠ স্কুলের মোড় তো বটেই, ঝাড়গ্রাম শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও পুলিশের ব্যারিকেড করে দেয়। উপযুক্ত কারণ ছাড়া কাউকেই সেই ব্যারিকেড পার হতে দেয়নি জেলা পুলিশ।
ঝাড়গ্রাম শহরের পাশাপাশি নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাঁকরাইল, বেলিয়াবেড়া, জামবনি, লালগড়, বিনপুর, শিলদা, বেলপাহাড়ি প্রভৃতি এলাকাতেও কোনও দোকান খোলেনি। বাজারও বসেনি। প্রশাসনের ক্রমাগত প্রচারের ফলে ঝাড়গ্রাম জেলার মানুষ সচেতন হয়ে উঠেছেন। তাঁরা লকডাউনে স্বতঃস্ফূর্ত ভাবেই বাড়িতে থাকছেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম জেলার সীমানা ঘেঁষা দুই রাজ্য উড়িষ্যা ও ঝাড়খণ্ডে যাওয়ার রাস্তা এদিন বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় প্রতিবেশী পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে যাতায়াতের রাস্তাগুলিও।