দ্য ওয়াল ব্যুরো: গত সেপ্টেম্বর মাসে দেহব্যবসা চালানোর অভিযোগে বন্ধ হওয়া হুগলির বিনোদন পার্ক খুলল হাইকোর্টের নির্দেশে। শনিবার পার্কের দরজা খুলতেই ভিড় লেগে গেল তরুণ-তরুণীদের।
স্থানীয়দের অভিযোগ ছিল, এই পার্কে দেহব্যবসা চলে। পার্কের ভিতর মধুচক্রের অভিযোগ পেতেই নড়েচড়ে বসে চন্দননগর পুলিশ কমিশনারেট। বিরাট পুলিশবাহিনী হানা দেয় ওই পার্কে। আটক করা হয় বেশ কয়েকজনকে তাঁদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন মহিলাও। ওইদিনই পুলিশ গ্রেফতার করে পার্কের মালিক অভিজিৎ বিশ্বাসকে।
এরপর বেশ কিছুদিন জেলে থাকার পর জামিন পান পার্ক-মালিক। কলকাতা হাইকোর্টে আবেদন করেন তিনি। তাঁর আইনজীবী আদালতে বলেন, পার্কের লাইসেন্স দিয়েছে জেলাশাসকের দফতর। পুলিশ কখনওই এভাবে পার্কে ঢুকে তল্লাশি, আটক বা গ্রেফতার করতে পারে না। দীর্ঘ.শুনানির পর দুদিন আগে হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দেন, ওই পার্ক খুলে দিতে হবে। এদিন পার্ক খুলতেই কার্যত ভিড় লেগে যায় সেখানে।
হুগলি স্টেশনের অদূরের এই পার্কটি তৈরি হয় বছর পাঁচেক আগে। শীতকাল বাদ দিলে সারা বছরই বিশেষত ছুটির দিন ব্যাপক জনসমাগম হয় এই পার্কটিতে। তার প্রধান কারণ এখানে রয়েছে একটি কৃত্রিম জলাশয়। অনেকে এটিকে হুগলির অ্যাকোয়াটিকাও বলেন।
তবে পুলিশ সূত্রে জানা গেছে, ওই পার্কের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। চন্দননগর কমিশনারেটের এক বড় কর্তার কথায়, ফের অভিযোগ এলে আইনগত ফাঁকফোকড় ভরাট করেই পদক্ষেপ করা হবে। ওখানে কী হচ্ছে, তার জন্য চলবে নজরদারিও।