দ্য ওয়াল ব্যুরো: জাল রসিদ বানিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হল উত্তর ২৪ পরগনার শাঁকচূড়া-বাগুণ্ডী গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী মলয়কুমার ঘোষ। এই গ্রাম পঞ্চায়েতটি বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকে। বেশ কিছুদিন ধরেই জালিয়াতির ব্যাপারে অভিযোগ শোনা যাচ্ছিল। বুধবার পুলিশ ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে।
অন্তত বছর দুয়েক ধরে পঞ্চায়েতের খাজনার রসিদ নকল করে তা ছাপাখানা থেকে ছাপিয়ে নেওয়ার অভিযোগ শোনা যাচ্ছিল মলয়কুমার ঘোষের নামে। তবে নির্দিষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছিল না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ওই ব্যক্তি বহু লোককে বোকা বানিয়ে প্রতারণা করছে বলেও অভিযোগ ওঠে। এমনকি ওই ব্যক্তি নানা প্রলোভন দেখিয়ে গ্রামবাসীদের প্রতারণা করছিল বলে অভিযোগ শোনা যাচ্ছিল।
বুধবার সকালে শাঁকচূড়া-বাগুণ্ডী গ্রাম পঞ্চায়েতের একজন গ্রাহক খাজনা দেওয়ার পরে ২২০০ টাকার রসিদ পান। ওই রসিদ দেখে সন্দেহ হলে তিনি পঞ্চায়েতের দ্বারস্থ হন। পঞ্চায়েত প্রধান শরিফুল গাজি ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন জালিয়াতি করা হয়েছে। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের কাছে অভিযোগ আসছিল কিন্তু এবার হাতেনাতে প্রমাণ হয়ে গেছে। আমরা চাই উপযুক্ত তদন্ত করে ওই ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
খবর দেওয়া হয় বসিরহাট থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের বাড়ি উত্তর বাগুন্ডি গ্রামে। পুলিশ গ্রামে গিয়ে তার বাড়িতে তল্লাশি করে বেশ কিছু খাজনার রসিদবই উদ্ধার করেছে। সেগুলির একাংশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। পুলিশ ধৃতকে বসিরহাট আদালতে পেশ করলে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।