দ্য ওয়াল ব্যুরো: কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের আরও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। তিনি উত্তর ২৪ পরগনার আগরপাড়ার ইলিয়াস রোডের বাসিন্দা। তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে সাগর দত্ত হাসপাতালের তিন জন কর্মী করোনায় আক্রান্ত হলেন।
এই হাসপাতালেরই দুই স্বাস্থ্যকর্মী ভাই-বোন গত ৩০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। তখন হাসপাতালের সুপার-সহ যে ৩৬ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল তাঁদের মধ্যে বছর চল্লিশ বয়সের এই স্বাস্থ্যকর্মীও ছিলেন। তিনি ল্যাব টেকনিশিয়ান হিসাবে কর্মরত। এই টেকনিশিয়ানের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সরকারি ভাবে জানানো হয়েছে।
খবর জানার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। আক্রান্তের বাড়ি ও তার পার্শ্ববর্তী এলাকা ঘিরে দেওয়া হয়। তাঁর পরিবারের অন্য তিন জন সদস্যকে পাঠানো হয়েছে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে। তাঁর বাড়ির পরিচারককেও হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
প্রশাসনের পক্ষ থেকে তাঁর পাড়ায় গিয়ে খবর নেওয়া হচ্ছে সম্প্রতি তিনি কার সঙ্গে দেখা-সাক্ষাৎ ও মেলামেশা করেছেন। কারও বাড়িতে গিয়েছিলেন কিনা সেকথাও প্রশাসনের পক্ষ থেকে জানতে চাওয়া হচ্ছে।
আগে যে দুই ভাই-বোন করোনায় আক্রান্ত হয়েছেন তাঁরা রেডিওলজি বিভাগ ও কমিউনিটি মেডিসিন বিভাগে কর্মরত। রিপোর্ট আসার আগে কয়েক দিন ধরে তাঁদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা যাচ্ছিল। দু’জনেই জ্বর ও কাশিতে ভুগছিলেন। তাঁরা একই বাড়িতে থাকেন। তাঁদের আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরেই রেডিওলজি বিভাগ ও কমিউনিটি মেডিসিন বিভাগের যে সব চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা ওই দু’জনের সংস্পর্শে এসেছিলেন তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।