দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গত কয়েকদিনে ডেঙ্গির প্রকোপ বেড়েছে হুগলির বিভিন্ন এলাকায়। ডেঙ্গি আক্রান্ত হয়ে শ্রীরামপুরে মৃত্যু হয়েছে পাঁচ বছরের সুনিধি শর্মার। ভদ্রেশ্বরেও মারা গিয়েছেন সোনু চৌধুরী নামের এক যুবক। এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন হুগলির মগরা থানার ওসি প্রশান্ত চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, তিনি ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।
সমীক্ষা বলছে, গত কয়েকদিনে মগরা থানার সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশকর্মী নিয়ে মোট ছ'জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মগরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলেছে তাঁদের। পরিসংখ্যান বলছে হুগলি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় দু'হাজার। মগরা বাঁশবেড়িয়া অঞ্চলেও বেশ কিছুদিন ধরে বেড়েছে ডেঙ্গির প্রকোপ।
ডেঙ্গি দমনে তৎপর হুগলি জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতর। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। জ্বর হলেই রোগীদের রক্ত পরীক্ষা করাতে বলা হচ্ছে। ডেঙ্গি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে মগরা ১ নং গ্রাম পঞ্চায়েতও। তবে এত সতর্কতার পরেও পুলিশকর্মীরা ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
চিকিৎসকদের বক্তব্য, চরিত্র বদলে ক্রমশ আক্রমণ বাড়াচ্ছে ডেঙ্গি। ছদ্মবেশী ডেঙ্গিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে কলকাতা-সহ গোটা রাজ্যেই। ডেঙ্গি ভাইরাসের এই চরিত্র বদল নিয়েই চিন্তিত চিকিৎসকরা। চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত হলে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে। ফলে ডেঙ্গি আক্রান্ত কিনা সেটা বুঝতেই সময় লেগে যাচ্ছে।
বেশ কয়েকমাস ধরেই ডেঙ্গির প্রকোপ বেড়েছে কলকাত-সহ গোটা রাজ্যেই। সরকারি মতে এখনও পর্যন্ত ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা ২৪। তবে বেসরকারি মতে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা সরকারি সংখ্যার প্রায় দ্বিগুণ। বেসরকারি মতে সংখ্যাটা ৪৫। ডেঙ্গি নিয়ে রাজ্যের কাছে রিপোর্টও চেয়েছে কলকাতা হাইকোর্ট।