দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ যখন বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে সেই সময় তাঁদের নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালের নার্সরা। নদিয়ার চাপড়ার এক বাসিন্দার শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। স্বাস্থ্যভবন সরকারি ভাবে তা স্বীকার করেছে। আক্রান্ত ওই ব্যক্তি শক্তিনগর হাসপাতালের জেনারেল বেডে গত দু’দিন ভর্তি ছিলেন।
বৃহস্পতিবার হাসপাতালের নার্সরা বলেন যে তাঁরা ডিউটি করেছেন চিকিৎসকদের নির্দেশে। এখন দেখা যাচ্ছে এক রোগী নভেল করোনাভাইরাসে আক্রান্ত। পরিস্থিতি এমন হলে তাঁদের নিরাপত্তার কী হবে? নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার বিকালে সব কর্তব্যরত নার্স হাসপাতাল ভবনের বাইরে বেরিয়ে আসেন। তাঁরা কর্মবিরতি শুরু করে দেন। ফলে বিকাল থেকে হাসপাতালে কর্মবিরতি শুরু হয়। কোনও ওয়ার্ডেই রোগীকে ‘রিসিভ’ করেননি কোনও নার্স। এই খবর পেয়ে স্বাস্থ্য স্বাস্থ্য দফরের আধিকারিকরা হাসপাতালে পৌঁছে যান। নার্সদের নিরাপত্তা নিয়ে শুরু হয় আলোচনা।
তেহট্টের পরে নদিয়ার চাপড়ায় করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। কয়েক দিন আগে এই জেলায় পাঁচজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। এবারে আরও একজন আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মী।
গত ৮ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট থাকায় তাঁকে কৃষ্ণনগরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। নমুনা সংগ্রহের পরে শরীরে করোনা ভাইরাস পজিটিভ বলে চিহ্নিত করে স্বাস্থ্য দপ্তর। ওই ব্যক্তির বাড়ি চাপড়া থানার চারাতলা গ্রামে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ওই গ্রামে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে করোনায় আক্রান্ত হওয়ার কথা। ওই ব্যক্তির পরিবারের পাঁচ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।