দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ছিনতাই করে নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে এক যুবক, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন মালদহের এক ছাত্রী। তারপরেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মালদহের হরিশচন্দ্রপুরের বাসিন্দা ওই ছাত্রী আর্টস নিয়ে কলেজে পড়েন। মাসখানেক আগে এক যুবক তাঁর সঙ্গে বন্ধুত্ব করে। বেশ কিছুদিন ওই যুবকের সঙ্গে দেখাও করেন ওই তরুণী। কয়েক দিন পরেই ওই তরুণীকে প্রেম নিবেদন করে ওই যুবক। কিন্তু ছাত্রী তা প্রত্যাখ্যান করেন। তারপরেই হরিশচন্দ্রপুর বাজারের মধ্যে ছাত্রীর মোবাইল কেড়ে নিয়ে চম্পট দেয় যুবক।
জানা গিয়েছে, তারপরেই তরুণীর মোবাইল থেকে তাঁর নগ্ন ছবি বের করে সেই ছবি তরুণীকে পাঠায় ওই যুবক। এই ছবির বিনিময়ে তার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করতে হবে বলে হুমকি দেয় ওই যুবক। কিন্তু তাতে সাড়া দেননি তরুণী। তারপরেই অন্য এক বন্ধুর সঙ্গে মিলে তরুণীর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ওই যুবক।
সোশ্যাল মিডিয়ায় নিজের নগ্ন ছবি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তরুণী। পুলিশের কাছে যোগাযোগ করলে ফল ভাল হবে না বলেও তাঁকে হুমকি দেয় যুবক। কিন্তু তাতে ভয় না পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন ওই ছাত্রী। কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সবকিছু খুলে বলেন তিনি।
খবর পেয়েই মুখ্যমন্ত্রী পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। এই ঘটনার পর থেকেই দুই যুবক পলাতক। মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। অভিযুক্ত যুবকদের খোঁজ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষকে বলে ওই ছাত্রীর ছবি মুছে দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শিগগির অভিযুক্ত যুবকদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।