দ্য ওয়াল ব্যুরো: ‘লাগে রহো মুন্নাভাই’-তে দেখা গিয়েছিল একজন পানের পিক ফেলছেন, আর অন্য জন তাঁকে সচেতন করার জন্য সেই নোংরা পরিষ্কার করে দিচ্ছেন। যতক্ষণ না সচেতন হচ্ছেন, তিনি প্রয়াস চালিয়েই যাচ্ছেন। কিন্তু দিদির বাংলায় সেই গান্ধীগিরির কোনও জায়গা নেই। পান-গুটখার পিক ফেলে যে নোংরা করবে, তাকেই করতে হবে পরিষ্কার। এবং এই নোংরা করা আটকাতে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার সকালেই ‘দ্য ওয়াল-এ
‘যেখানে সেখানে পান-গুটখার পিক, দিদি কিন্তু খুব রেগে গিয়েছেন’ শীর্ষক খবর প্রকাশিত হয়েছিল। বিকেলে সচিব পর্যায়ের বৈঠক করে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল, এ বার কোমর বেঁধে নামছে সরকার।
দক্ষিণেশ্বর স্কাই ওয়াক উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, “পরিস্কার রাখা মন্দির কর্তৃপক্ষের দায়িত্ব।” দু’দিনের মধ্যেই রানি রাসমণি স্কাইওয়াকের বিভিন্ন জায়গা পান-গুটখার পিকে ভরে গিয়েছিল। মন্দির কর্তৃপক্ষ ঠিক করেছে, যারা নোংরা করবে তাদের জরিমানা তো হবেই, উপরি ওই জায়গা তাকেই পরিষ্কার করতে হবে। এ বার শুধু দক্ষিণেশ্বর নয়, রাজ্যের সর্বত্র পিক ফেললেই কড়া শাস্তির মুখে পড়তে হবে।
এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “কত কষ্ট করে, পয়সা খরচ করে রাজ্যে সৌন্দর্যায়ন হচ্ছে। আর কিছু লোক সেগুলিকে নোংরা করছে।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পরিচ্ছন্ন রাখার সচেতনতামূলক প্রচার চালানো হবে। পাশাপাশি নোংরা করলে নেওয়া হবে কড়া ব্যবস্থাও। এ দিন বৈঠকের শেষে সরকারের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠকে বলেন, এটা সরকারের কাছে চ্যালেঞ্জ। যদিও সরকারের তরফে কেউই এটাকে স্বচ্ছ বাংলা প্রকল্প বলছেন না। পরিচ্ছন্ন রাখার জন্য একটি উদ্যোগ হিসেবেই দেখছেন মন্ত্রী এবং আধিকারিকরা।
পর্যবেক্ষকদের মতে, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থাকে যুক্ত করে গোটা ব্যাপারটাকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে চাইছেন মমতা । যাতে সমাজের বিভিন্ন অংশের মানুষকে সামিল করা যায় এই কর্মসূচিতে। ঠিক যেমন মোদী করেছিলেন ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের সময়। অমিতাভ বচ্চন, শচীন তেণ্ডুলকরদের দিয়ে রাস্তা পরিষ্কার করিয়ে আসলে বিজেপি-র দিকে জনমতকে টেনে আনার চেষ্টা করেছিলেন। গত ১৬ নভেম্বর দলের সাধারণ পরিষদের বর্ধিত বৈঠকে নেতা-কর্মীদের জনবিচ্ছিন্নতা নিয়ে ধমক দিয়েছিলেন নেত্রী। অনেকের মতে, লোকসভার আগে জনসংযোগ বাড়াতে এই কর্মসূচিকে হাতিয়ার করছেন মমতা।