সম্পত্তির ভাগ নিয়ে রক্তারক্তি করণদিঘিতে, বিতর্কের মূলে পোষ্যপুত্র
দ্য ওয়াল ব্যুরো: বাবার মৃত্যুর পরে পোষ্যপুত্রের সমানাধিকারের দাবি মানেননি ঔরসসন্তানরা। তা থেকে বিবাদের জেরেই উত্তর দিনাজপুরের করণদিঘির বাসুদেবপুরে মৃতের ঔরসপুত্রকে তির মারার অভিযোগ উঠল পোষ্যপুত্রের বিরুদ্ধে। তিরের আঘাতে আহত হয়েছেন মৃতের ঔরস
শেষ আপডেট: 15 February 2020 10:41
দ্য ওয়াল ব্যুরো: বাবার মৃত্যুর পরে পোষ্যপুত্রের সমানাধিকারের দাবি মানেননি ঔরসসন্তানরা। তা থেকে বিবাদের জেরেই উত্তর দিনাজপুরের করণদিঘির বাসুদেবপুরে মৃতের ঔরসপুত্রকে তির মারার অভিযোগ উঠল পোষ্যপুত্রের বিরুদ্ধে। তিরের আঘাতে আহত হয়েছেন মৃতের ঔরসপুত্র রাজেন মার্ডি। অভিযুক্ত পোষ্যপুত্র তিরকু মার্ডিকে আটক করেছে পুলিশ।
আহত রাজেশ মার্ডি ভর্তি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। ক্ষতস্থানে গভীর ভাবে তির গেঁথে যাওয়ায় আহতকে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল বাসুদেবপুর থানা এলাকায় একটি আদিবাসী পরিবারে। মূল বিবাদ রাজেনের সঙ্গে তিরকুর। রাজেনরা নিজেরা তিন ভাইবোন, রাজেন একাই ছেলে। রাজেনের বাবা পোষ্যপুত্র হিসাবে নিয়েছিলেন তিরকুকে। রাজেনের দাবি, পালকবাবা নিজের জীবদ্দশাতেই তিরকুকে একবিঘা জমি ও বসত বাড়ি দিয়ে গিয়েছলেন করণদিঘি থানার বাসুদেবপুরেই।

বাবার মৃত্যুর পরে আইনমাফিক ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে দুই বোনের সঙ্গে জমি ভাগ করতে যান রাজেন। উত্তরাধিকার সংক্রান্ত শংসাপত্রে তিরকুর নাম না থাকায় তিনি জমির ভাগ পাবেন না বলে জানিয়ে দেন রাজেন। তিরকু সে কথা মানতে চাননি। তাই নিয়েই বিবাদ শুরু। রাজেনের মা জীবিত থাকলেও সম্পত্তির ভাগ নিতে চাননি।
ভাগ-বাঁটোয়ারার জন্য শনিবার জমি মাপজোক হচ্ছিল। অনেক দেরি হয়ে যাওয়ায় তিরকুর নিজের বোন চলে যাবেন বলে জানান। তাঁর জন্য মাছ ধরতে যাচ্ছিলেন রাজেন। তাঁর অভিযোগ, ওত পেতে বসে থাকা তিরকু তাঁকে লক্ষ্য করে তির ছোড়েন। তির পেটে না লাগলেও শরীরে তা গেঁথে যায় গভীর ভাবে। রাজেন হাসপাতালে ভর্তি হয়ে যান, অভিযোগ জানান থানাতেও।
অভিযুক্ত তিরকু মার্ডিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।