বিপজ্জনক তেঁতুলিয়া সেতু সংস্কারে দেড় কোটি টাকা, এমাসেই কাজ শেষ করার নির্দেশ
দ্য ওয়াল ব্যুরো: বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ইছামতী নদীর উপর তেঁতুলিয়া ব্রিজ প্রায় পঞ্চাশ বছরের পুরনো। সাড়ে সাতশো মিটার লম্বা ও ষোলো ফুট চওড়া এই সেতুর অবস্থা বেশ খারাপ। এই সেতুটিতে ইতিমধ্যেই বিপজ্জনক বলে ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার
শেষ আপডেট: 11 February 2020 09:56
দ্য ওয়াল ব্যুরো: বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ইছামতী নদীর উপর তেঁতুলিয়া ব্রিজ প্রায় পঞ্চাশ বছরের পুরনো। সাড়ে সাতশো মিটার লম্বা ও ষোলো ফুট চওড়া এই সেতুর অবস্থা বেশ খারাপ। এই সেতুটিতে ইতিমধ্যেই বিপজ্জনক বলে ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। এবার এই সেতুর সংস্কারে দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি মাসের মধ্যেই শেষ করতে হবে এই সেতু সংস্কারের কাজ।
জেলার পূর্ত কর্মাধ্যক্ষ তথা কার্যকরী সভাপতি নারায়ণ গোস্বামীর নেতৃত্বে একটি দল এই এই সেতু পরিদর্শন করে। এই দলে ছিলেন জেলার বাস্তুকার অশোক চক্রবর্তী ও বেশ কয়েকজন সরকারি আধিকারিক।
এই সেতুটি বনগাঁ ও বসিহাট মহকুমার মধ্যে সংযোগরক্ষাকারী একমাত্র সেতু। ভারত ও বাংলাদেশ সীমান্তের হাকিমপুর-ঘোজাডাঙ্গা যেতে হলে পণ্যবাহী লরি যাওয়ার একমাত্র পথও হল এই সেতুটিই। এই সেতু দিয়ে প্রতিদিন গড়ে সাতশো থেকে আটশোটি ট্রাক যাতায়াত করে। অন্য যানবাহনও চলে। এছাড়া দু’পারের লোকজনের পারাপারের প্রধান ভরসাও এই সেতুটিই। এর উপরে ভরসা করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে অফিসযাত্রী – সকলকেই। কলকাতাগামী বহু গাড়িও যাতায়াত করে এই সেতু ধরে। তাই এই সেতুটিকে বিপজ্জনক বলে ঘোষণা করার পর থেকেই উদ্বিগ্ন ছিলেন এলাকার লোকজন।

সেতু পরদর্শন করে দেড় কোটি টাকা বরাদ্দ করার পাশাপাশি ফেব্রুয়ারি মাসের মধ্যেই সেতুর কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার থেকে অন্তত সাত দিন এই সেতুর উপর দিয়ে দিনরাত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সেতু বন্ধ হওয়ায় আপাতত পণ্যবাহী ট্রাকগুলোকে ঘুরপথে বসিরহাটে ইছামতি নদীর সেতু পার হয়ে কাটিহাট-ঘোজাডাঙা সীমান্তে যেতে হবে। অন্যদিকে হাকিমপুর সীমান্তে যেতে হবে স্বরূপনগর হয়ে। সেতুর সংস্কার শুরু হওয়ায় স্থানীয় লোকজন খুশি। স্থানীয় ট্রাকচালকরাও খুশি।