দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়ার বেল্লে শঙ্করপুর এলাকায় মাটির নীচ থেকে উদ্ধার হল বেশ কয়েকদিন ধরে নিখোঁজ এক তরুণীর দেহ। একটি কুকুর মাটি খোঁড়াখুঁড়ি করতে থাকায় মাটির নীচ থেকে দেহের কিছুটা অংশ বেরিয়ে আসে। তা দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে মাটি খুঁড়ে উদ্ধার করে দেহটি। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই মহিলার নাম আশা সাউ, তাঁর বয়স পঁচিশ বছর। এই ঘটনায় জড়িত অভিযোগে মহম্মদ সাদ্দাম নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
দেহটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেই জায়গাটি সাদ্দামের ঘরের ঠিক পিছনে। আশার সঙ্গে সাদ্দামের প্রণয়ের সম্পর্ক ছিল বলে এলাকার লোকজন দাবি করেছেন। এই ঘটনার সঙ্গে সাদ্দামের যোগ আছে, এই সন্দেহে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সাদ্দামকে ব্যারাকপুর আদালতে তোলা হলে আদালত তাকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। সাদ্দামের বয়স ২১-২২ বছর। সে প্রকৃতপক্ষে হাওড়ার বাসিন্দা বলে বেল্লে শঙ্করপুর এলাকার লোকজনের দাবি।
পুলিশ জানতে পেরেছে যে আশা সাউয়ের বাড়ি ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগরে। যেদিন আশা নিখোঁজ হন সেদিনই ভাটপাড়া থানায় নিখোঁজের ডায়েরি করেন আশার মামা। এদিন দেহ উদ্ধারের পরে ব্যারাকপুর পুলিশ মর্গে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বেল্লে শঙ্করপুর এলাকার বাসিন্দা দীপক সিং জানিয়েছেন যে আশাকে এলাকার লোকজন চিনতেন। এই এলাকায় তাঁর যাতায়াত ছিল। দিন সাতেক ধরে এই এলাকায় তাঁরা আশাকে দেখেননি। তবে কে কী ভাবে তাকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে সে ব্যাপারে তাঁরা কিছু জানেন না বলে দাবি করেছেন।