দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার শ্যামনগর প্রভাতি সঙ্ঘ মাঠ এলাকায় দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন কলা বিভাগে স্নাতকের দ্বিতীয় বর্ষের এক ছাত্র। গুলিবিদ্ধ ওই ছাত্রের নাম অরিন্দ্রজিৎ সরকার, তার বয়স কুড়ি বছর। সে ঋষি বঙ্কিম কলেজে পড়াশোনা করে।
রবিবার গভীর রাতে পাড়ার রাস্তা দিয়ে ভ্যানে করে বেশ কিছু লোহার স্ক্র্যাব নিয়ে যাচ্ছিল কয়েক জন। সেই সময় এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। তখনই দুষ্কৃতীরা তিন রাউন্ড গুলি ছোড়ে। আগ্নেয়াস্ত্র দেখে সকলে পালিয়ে যায় তবে একটি গুলি ছিটকে লাগে কাছে থাকা অরিন্দ্রজিতের বাঁ হাতে। খবর দেওয়া হয় পুলিশে।
ঘটনাস্থলে পুলিশ আসার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা অরিন্দ্রজিৎকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তারপর সেখান থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে পাঠানো হয়। হাসপাতালে তাঁকে চিকিৎসার পরে আজ সকালে ছেড়ে দেন ডাক্তাররা। ঘটনার তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ।