দ্য ওয়াল ব্যুরো: গরুর ঘাস খাওয়া নিয়ে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের পাইকারডাঙা গ্রামে বেধে গেল সংঘর্ষ। তাতে এক মাধ্যমিক পরীক্ষার্থী-সহ চার জন আহত হয়েছেন।
বেশ কয়েকদিন ধরে প্রতিবেশী সামাদ মণ্ডলের গরু রওসনা বিবির জমির ঘাস খেয়ে নিচ্ছে বলে অভিযোগ। বেশ কয়েকবার এনিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়েছে, তা থেকে অশ্লীল ভাষায় গালিগালাজও চলেথে। আজ সোমবার সকালে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি চরমে পৌঁছায়।
আজ সকালে রওসনা বিবির জমিতে ঘাস খাচ্ছিল সামাদ মণ্ডলের গরু। রওসনা বিবি তার প্রতিবাদ করেন। অভিযোগ, তারপরেই সামাদ মণ্ডল ও তাঁর স্ত্রী ইলি বিবি ঘাস কাটার ধারালো হাঁসুয়া, বাঁশ, লাঠি প্রভৃতি নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তারা এলোপাথাড়ি কোপাতে শুরু করে। আহত হন বৃদ্ধা রওসনা বিবি ও তাঁর পরিবারের আরও তিন জন। বৃদ্ধার নাতনি রুবিনা খাতুনকেও এলোপাথাড়ি মারা হয় বলে অভিযোগ। সে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। তার বোনের মাথায় ধারালো অস্ত্রের কোপ পড়েছে। আহত হয়েছেন রওসনা বিবির পুত্রবধূ জেসমিনা বিবিও।
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের পাঠিয়ে দেন।
এই ঘটনার পিছনে ওই দুই পরিবারের পুরনো শত্রুতা আছে কিনা বা জমি সংক্রান্ত কোনও বিবাদ বা রাজনৈতিক কোনও বিবাদ আছে কিনা তা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। গরুর ঘাস খাওয়াতে কেন্দ্র করে কেন এইভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হল তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতিবেশী সামাদ মণ্ডল ও ইলা বিবির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। পাশাপাশি পাল্টা অভিযোগ তুলেছে সামাদ মণ্ডলেক পরিবারও। মারধর করা হয়েছে তারাও পাল্টা অভিযোগ জানাবে পুলিশের কাছে।