দ্য ওয়াল ব্যুরো: আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, জানাল হাওয়া অফিস। বরং বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পাল্লা দিয়ে চড়বে পারদও। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করবেন কলকাতাবাসী। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ অক্ষরেখা। আর তার জেরেই আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বরং গরমে পুড়বে কলকাতা সহ বিভিন্ন জেলা।
তবে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে আবহাওয়া থাকবে মনোরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও।
শনিবার সন্ধ্যায় অবশ্য ঝড়বৃষ্টি হয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেয়েছিলেন শহরবাসী। তবে হাওয়া অফিস জানিয়েছিল, এই বৃষ্টি কেবল সাময়িক স্বস্তিই দেবে। এর ফলে গরমের প্রভাব একটুও কমবে না। রবিবার সকাল হতেই তা টের পাওয়া গেল। পূর্বাভাস মিলে গেল অক্ষরে অক্ষরে। চড়া রোদের তেজে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছিল দক্ষিণবঙ্গবাসীর।
আপাতত আরও কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরমে দাপট থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঝড়বৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে স্বস্তির বদলে ঘেমেনেয়ে একসা হবেন কলকাতাবাসী। আজ শহরের তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা বেশ খানিকটাই বেশি। আর্দ্রতার পরিমাণও ছিল প্রায় ৭৮ শতাংশ। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণেই আর্দ্রতার পরিমাণ এত বেশি। আর এই আর্দ্রতার জেরেই গলদ্ঘর্ম হয়েছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।