দ্য ওয়াল ব্যুরো: মাস্ক না পরলে মিলবে না রেশন, পেট্রোল, শাকসবজি মুদিখানা থেকে ওষুধ -- কিছুই। রাজ্য সরকার রবিবার মাস্ক সংক্রান্ত নির্দেশিকা জারি করার পরে সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শ্রীরামপুর পুরসভার পক্ষ থেকে। শ্রীরামপুর শহরের বিভিন্ন রেশন দোকান, পেট্রোল পাম্প ও বাজারগুলিতে এই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই সেঁটে দেওয়া হয়েছে। শ্রীরামপুরের কাউন্সিলর সন্তোষ সিং বলেন, “রাজ্য সরকার নির্দেশিকা জারি করার পরেই এই পদক্ষেপ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরতেই হবে প্রত্যেককে। লকডাউনের মেয়াদ বেড়েছে। আগামী দিনে কঠিন লড়াই লড়তে হবে। তাই সমস্যাকে হাল্কা ভাবে না নিয়ে সচেতনতার পাশাপাশি সাবধান থাকাও জরুরি।”
রবিবার জারি করা নির্দেশিকায় রাজ্যের তরফে বলা হয়েছে, প্রকাশ্য জায়গায় বেরোলেই মুখ-নাক ঢাকা বাধ্যতামূলক। মাস্ক না থাকলে ওড়না বা রুমালও ব্যবহার করা যাবে। মোদ্দা কথা, মুখ-নাক ঢেকেই রাস্তায় বেরোতে হবে।
রাজ্যের তরফে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সমস্ত রকমের সতর্কতামূলক পদক্ষেপ করতে হবে। চিকিৎসকদের মতে, মুখ-নাক ঢাকা থাকলে সংক্রামিত হওয়ার আশঙ্কা অনেকটাই কম থাকে। সেই কারণেই এ ব্যাপারে আরও গুরুত্ব আরোপ করল রাজ্য।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরামর্শ দিয়েছিলেন, বাইরে বেরোলেই যেন সবাই মাস্ক পরেন। এমনকি বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তৃতায় মোদী এও বলেন, ঘরে থাকলেও মুখে একটা কাপড় জড়িয়ে রাখুন। তাতে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যাবে।
সারা দেশে করোনার সংক্রমণ বাড়ছে। এরাজ্যেও ২৪ ঘণ্টায় বেড়েছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন।