দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের জেরে এবার কোথাও রামনবমী নিয়ে উন্মাদনা দেখা যায়নি। এরাজ্যে নিয়মরক্ষা করে পালিত হয়েছে বাসন্তীপুজো ও অন্নপূর্ণাপুজো। দার্জিলিংয়ের পাহাড়ে হনুমান জয়ন্তীতেও এবার নিয়মরক্ষার বাইরে আর কিছু হল না।
গত তিরিশ বছর ধরে গোর্খা দুখ নিবারক সম্মলনের মাঠে (জিডিএনএস গ্রাউন্ড) ধুমধাম করেই হনুমান জয়ন্তী পালন করা হয় বালাজি পুজো কমিটির উদ্যোগে। এবারই তার ব্যতিক্রম ঘটল যদিও প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে থেকেই।
হনুমান জয়ন্তী পালনের প্রস্তুতি এবছও এগিয়েছিল বেশ জোর কদমে। যে মূর্তি ঘিরে এই আয়োজন হয় সেখানে শতকরা আশি ভাগ প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে অন্য বছরের মতে সাড়ম্বরে পুজোর ভাবনা বাতিল করতে হয়। তার বদলে ইডেন ধামে ছোট মূর্তিতে পুজো করা হয়। সামাজিক দূরত্ব বজায় রাখার যে পরামর্শ সরকার দিয়েছে তা পালন করেই এদিন পুজো হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। যাতে একসঙ্গে দুই থেকে তিন জনের বেশি লোক পুজোর জায়গায় থাকতে না পারেন সেদিকে কড়া ভাবে নজর রাখা হয়। জনা তিনকে করে ভক্ত প্রণাম করে বেরিয়ে যাওয়ার পরে আবার জনা তিনেক ভক্তকে ঢোকার অনুমতি দেওয়া হয়।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হতে লকডাউন চেয়েছিলেন পাহাড়ের বাসিন্দারা। লকডাউন শুরু হওয়ার পরে তাঁরা তা পালনও করছে গুরুত্ব দিয়েই।