দ্য ওয়াল ব্যুরো: নিমতার শ্রীদুর্গাপল্লিতে অস্ত্র কারখানার হদিশ পেল সিআইডি। অস্ত্র সমেত তারা দু’জনকে গ্রেফতার করেছে। পুরসভার ভোটের মুখে অস্ত্র কারখানার সন্ধান মেলায় শুরু হয়েছে জল্পনা।
বুধবার রাত সাড়ে আটটা নাগাদ শ্রীদুর্গাপল্লিতে ওই বাড়িতে দমদম থেকে প্রকাশ গায়েন নামে এক ব্যক্তি আসে। বাড়ির ভাড়াটিয়া দুলাল সরকারের কাছ থেকে সে অস্ত্র কিনছিল বলে অভিযোগ। তখনই নিমতা থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে ঢুকে দুলাল সরকার ও প্রকাশ গায়েনকে গ্রেফতার করে সিআইডি। ধৃতদের কাছ থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ, খানিকটা তৈরি হয়ে যাওয়া অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
ওই বাড়ির মালিক কৃষ্ণা দত্ত পোদ্দার জানিয়েছেন যে তিনি নিজে ধুপ তৈরি করেন, তা নিয়েই সারা দিন ব্যস্ত থাকেন। ধুপ বিক্রি করার জন্য তাঁর স্বামী ভোট ছ’টায় বেরিয়ে রাত এগারোটা নাগাদ বাড়িতে ফেরেন। ভাড়াটিয়াদের দরজা আলাদা। তিনি কোনও দিন কোনও শব্দ পাননি, সন্দেহও করেননি। তিনি বলেন, “ওরা (দুলাল ও তাঁর স্ত্রী) পুকুরের কাছ একটা বাড়িতে ছ’-আট বছর থাকত। বছর দেড়েক আগে আমাদের কাছে এসে নিজেরাই ভাড়া চায়। কী করেন জিজ্ঞেস করায় বলেছিলেন যে হাসপাতালে কাজ করেন। অপারেশনের জন্য প্রয়োজনীয় জিনিস বানান। হাতিবাগানে তাঁর অফিস। রোজ যান না।” এই বাড়িতে কোনও লোকজন তাঁর সঙ্গে দেখা করতে আসতেন কিনা সেব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
দুলালের স্ত্রী ঝর্না সরকার বলেছেন যে তিনি ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। ঘরে কোনও দিন কোনও কিছু তৈরি হওয়ার শব্দ শোনেননি। গ্রেফতারির ব্যাপারেও তিনি কোনও কথা বলতে চাননি।
পুলিশ সূত্রে খবর, দুলাল সরকারের বয়স ষাট বছর মতো। অন্য একটি অস্ত্র উদ্ধারের মামলার সূত্রে পুলিশ দুলালের খবর পায়। এলাকার লোকজনের সঙ্গে দুলাল ও তাঁর স্ত্রী একেবারেই মেলামেশা করতেন না বলে জানা গেছে। প্রায় সব সময়ই তাঁদের ঘরের দরজা বন্ধ থাকত।
পুলিশ এই এলাকায় অস্ত্র কারখানার হদিশ পেয়েছে শুনে ঘটনাস্থলে যান উত্তর দমদমের সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তিনি বাড়ির মালিক, ধৃতের স্ত্রী ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন। পরে তিনি বলেন, “ধৃতরা কোথা থেকে যন্ত্রাংশ পেত এবং কাদের সেটি বিক্রি করত সেকথা জানতে হবে পুলিশকে। সেকথা জানলেই পরিষ্কার হয়ে যাবে যে এর সঙ্গে কোনও রাজনৈতিক দল যুক্ত আছে কিনা। আমি এখনই কোনও রাজনৈতিক দলের কথা উল্লেখ করছি না।”
পুরভোটের মুখে অস্ত্র উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে এর পিছনে কোনও রাজনৈতিক দলের মদত রয়েছে কিনা তা নিয়ে।