দ্য ওয়াল ব্যুরো: নিষিদ্ধ সংগঠন ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র বড় মাপের নেতাকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ। রাঁচি থেকে হুগলির বৈদ্যবাটিতে এসে শনিবার ভোরে ঝাড়খণ্ডের গিরিডি রেঞ্জের ডাকসাইটে মাওবাদী নেতা মনোজ চৌধুরীকে গ্রেফতার করে এনআইএ-র বিরাট বাহিনী। সঙ্গে ছিল শেওড়াফুলির ফাঁড়ির পুলিশ।
গত আড়াই বছর ধরে বৈদ্যবাটিতে গঙ্গারধারের একটি মঠে পুরোহিত ছদ্মবেশে গা ঢাকা দিয়ে ছিল এই বছর ৫০-এর মাওবাদী নেতা। বহু মামলায় অভিযুক্ত মনোজকে হন্যে হয়ে খুঁজছিল এনআইএ। গোপন সূত্রে খবর পেয়ে বৈদ্যবাটিতে দিনের আলো ফোটার আগে অপারেশন চালায় এনআইএ দল।
গতকাল রাতে ভবানী ভবনের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবরটি আসে। এনআইএ দল জানায় তারা হুগলিতে যাবে। স্থানীয় প্রশাসন যাতে তাদের সহযোগিতা করে। সেই মতো শ্রীরামপুর থানা ও শেওড়াফুলি ফাঁড়ির পুলিশকে বলা হয় প্রস্তুত থাকতে। পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দারা মঠের কাছে পৌঁছতেই ছাদ দিয়ে পালানোর চেষ্টা করে এই মাওবাদী নেতা। কিন্তু শেষমেশ ধরা পড়ে যায়।
হুগলি থেকে এনআইএ দল ধৃতকে নিয়ে রওনা দেয় রাঁচির উদ্দেশে। বিকেলে তাকে রাঁচিতে এনআইএ-র বিশেষ আদালতে পেশ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ধৃত মাও নেতাকে পাঁচ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মাওবাদী নেতা মূলত দলের তহবিলের বিষয়টি দেখত। কোথায় টাকা পৌঁছে দিতে হবে, কোথা থেকে টাকা নিয়ে আসতে হবে এসব দেখার দায়িত্ব ছিল তার উপর। স্থানীয়রাও এই ঘটনায় অবাক। রোজ যাকে পুজোপাঠ নিয়ে থাকতে দেখা যেত সে যে এমন নিষিদ্ধ সংগঠনের নেতা তা বুঝেই উঠতে পারছেন না তাঁরা।