দ্য ওয়াল ব্যুরো: কর্মসূত্রে থাকতেন জাপানে। কয়েকদিন আগেই ফিরেছিলেন পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাড়িতে। তারপর শরীর খারাপ হওয়ায় এদিন দেখাতে এসেছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আর ২৮ বছর বয়সী ওই যুবকের উপসর্গ দেখেই তাঁকে তড়িঘড়ি ভর্তি করে নেন চিকিৎসকরা। পরে তাঁকে বাড়িতে কোয়ারেন্টাইনে রেখে আসেন হাসপাতালের কর্মীরা।
এদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজের আউটডোরে মেডিসিন বিভাগে দেখাতে এসেছিলেন ওই যুবক। মূলত ডাইরিয়ার লক্ষ্মণ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি। তবে মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাঁর জাপান থেকে আসার কথা শুনেই হাসপাতালে ভর্তি করে নেওয়ার সিদ্ধান্ত নেন।
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু জানিয়েছেন, ওই যুবকের লালা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে তবে নিশ্চিত করে বলা যাবে কী হয়েছে। তবে করোনা সন্দেহের কথা চাউর হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
করোনা তথা COVID-19 কে বিশ্বজোড়া মহামারী বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু।’ পৃথিবীর ১০৯টির বেশি দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে। ভারতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬। গতকাল রাতে কর্ণাটকের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। সব মিলিয়ে পরিস্থিতি যখন নজিরবিহীন ও অত্যন্ত উদ্বেগজনক জাতগায় পৌঁছে গিয়েছে, তখন মেদিনীপুরে ছড়াল করোনা আতঙ্ক।
পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। কেন্দ্রীয় মন্ত্রীদের বিদেশ সফর বাতিল করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নেতাজি ইনডোর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করোনা রুখতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, আতঙ্কিত না হয়ে সতর্ক হোন। এর মধ্যেই মেদিনীপুরের ঘটনা আতঙ্ককে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে।