দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বাগদায় এক প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। রবিবার বাগদার পুস্তিঘাটা গ্রামে এই ঘটনা ঘটেছে। খুনের খবর পাওয়া মাত্রই গোটা গ্রাম ক্ষোভে ফেটে পড়েছে। সূত্রের খবর, অভিযুক্ত হিসেবে যাকে সন্দেহ করা হয়েছে তার বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন গ্রামবাসীরা।
বাগদা থানার সিন্দ্রনী গ্রাম পঞ্চায়েত এলাকার পুস্তিঘাটা গ্রামে গতকাল বিকেলে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে. মৃতের নাম নীলকমল সর্দার। খুনের ঘটনায় জড়িত তাঁরই প্রতিবেশী সুভাষ সর্দার। তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রামবাসীদের বক্তব্য, গতকাল বিকেলে ফোনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিলেন নীলকমলবাবু। সেই সময় অতর্কিতে তাঁর ওপর হামলা চালায় সুভাষ। হাঁসুয়া দিয়ে গলায় বারংবার কোপ মারা হয়েছে বলে অভিযোগ। নীলকমলবাবুর চিৎকার শুনেই ছুটে আসেন এলাকার লোকজন। মৃতের ছোট ছেলে সম্রাট জানিয়েছেন,তাঁর বাবা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। সারা শরীর ক্ষতবিক্ষত ছিল। স্থানীয় দত্তপুলিয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার খবর ছড়াতেই উত্তেজিত গ্রামবাসীরা সুভাষ সর্দার ও তার আত্মীয়দের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে। বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ এসে পরিস্থিতি সামলায়। গ্রেফতার করা হয় সুভাষকে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। খুনের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত।